Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব কর্ণাটকে

আরম্ভ ওয়েব ডেস্ক
১৬ বছরের কম বয়সীদের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব কর্ণাটকে

কিশোর-কিশোরীদের মধ্যে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছিল। সেই প্রেক্ষিতেই বড় পদক্ষেপের পথে হাঁটছে কর্নাটক সরকার। ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করার সময় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। এর ফলে গোয়া ও অন্ধ্রপ্রদেশের পর কর্নাটকেও ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তির কারণে কিশোরদের পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে। পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে উদ্বেগ, হতাশা এবং অন্যান্য মানসিক সমস্যাও দেখা দিচ্ছে বলে জানিয়েছেন মনোবিদরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই সতর্কবার্তার পরই প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে কর্নাটকের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গেও বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানে তিনি জানান, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পড়ুয়াদের জন্য মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনার বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার। এ বিষয়ে উপাচার্যদের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছিল।

পরবর্তীতে সেই আলোচনা ও মতামতের ভিত্তিতেই বাজেট পেশের সময় আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে সিদ্দারামাইয়া বলেন, “১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের মূল উদ্দেশ্য হলো অতিরিক্ত স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে যে বিভিন্ন সমস্যা দ্রুত বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা।”

রাজ্য সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে কিশোরদের মধ্যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার কমানো এবং তাদের মানসিক ও শিক্ষাগত বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!