Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৫

রেলের উড়াল পুলের দাবিতে কাটোয়ায় তৃণমূলের বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
রেলের উড়াল পুলের দাবিতে কাটোয়ায় তৃণমূলের বিক্ষোভ

রেল বাজেটে বঞ্চনার বিরুদ্ধে সরব কাটোয়া মহকুমা তৃণমূল। প্রতিবাদ জানাতে কাটোয়া স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করল। বিক্ষোভে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি বলেন, ‘কাটোয়া শহরে ঢোকার মূল প্রবেশ পথটির উপর রেলের ওভারব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। এ ব্যাপারে আমরা বারবার রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু রেলের দিক থেকে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ ওভারব্রিজ তৈরির ব্যাপারে রেল মন্ত্রককে চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ ডাঃ শর্মিলা সরকারও। ওভারব্রিজ ছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে ওঠা গুরুত্বপূর্ণ দাবিগুলি হল, কাটোয়া শহরের ২ প্রান্তে বেলতলা ও কেশিয়া এলাকায় আন্ডারপাস তৈরি, কাটোয়া-বর্ধমান ও কাটোয়া-আমোদপুর রেলপথে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও ডবল লাইন, কাটোয়া স্টেশনের উপর দিয়ে থেকে সুপারফাস্ট ট্রেন চালু প্রভৃতি। কাটোয়া শহর তৃণমূল সভাপতি শুভ্রা রায় বলেন, ‘কাটোয়ার স্টেশন ম্যানেজার আমাদের দাবিগুলি পূরণের আশ্বাস দিয়েছেন। দাবি না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’

কাটোয়া শহর ঢোকার প্রধান রাস্তায় রেল গেটের উপর উড়ালপুলের দীর্ঘদিনের দাবিটি এবারের বাজেটে উপেক্ষিত বলে সাধারণ জনগণের মধ্যেও ছড়িয়েছে ক্ষোভ। এর আগে ঘটা করে সূচনা হয়েছে ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্পে’র। এই প্রকল্পের আওতায় এসেছে ঐতিহ্যবাহী কাটোয়া ও কালনা স্টেশন। কাটোয়ার মানুষজনের দাবি, স্টেশন আধুনিক পরিষেবাযুক্ত হোক, কিন্তু কাটোয়াবাসীর মূল দাবি শহরে ঢোকার মুখে রেলগেটের উড়ালপুলটা আগে হোক। তাতে দীর্ঘদিনের যানজটের যন্ত্রণা লাঘব হয়। বাজেটে এই দীর্ঘদিনের দাবিটি পূরণ হবে বলে তাকিয়েছিল গোটা কাটোয়া। বাজেট কাটোয়াকে নিরাশ করেছে। উল্লেখ্য যে, ব্যান্ডেল-কাটোয়া শাখার কাটোয়া স্টেশন ঢোকার মুখে উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। এই রেলপথ দিয়ে রোজ ২৬ জোড়া প্যাসেঞ্জার ট্রেন ও ১৪ জোড়া এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সেইসঙ্গে ইঞ্জিনের গেজ বদল করতে হওয়ায় রোজ ১৭০ বার রেলগেট বন্ধ করতে হয়। ফলে কাটোয়া শহরের ১৪ ও ২০ নং ওয়ার্ড-সহ মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষজনকে এই লেভেল ক্রসিং পার হয়ে শহরে ঢুকতে-বেরতে হয়। সমস্যা বেশি হয়, কাটোয়া হাসপাতালে রোগী নিয়ে যাওয়া বা হাসপাতাল থেকে বর্ধমান বা কলকাতায় রেফার করা মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে। রেলমন্ত্রী থাকাকালীন রামবিলাস পাসোয়ান, লালুপ্রসাদ যাদব ও অধীর চৌধুরি উড়ালপুলের বিষয়ে আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির আক্ষেপ, ‘রাজ্য উড়ালপুলের ব্যাপারে রাজি থাকলেও কেন্দ্রের বিজেপি সরকারের উদাসীনতায় এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি মিটছে না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!