- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ২৮, ২০২৫
কেনিয়ায় বিমান দুর্ঘটনা, মৃত ১১
মঙ্গলবার কেনিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১০ জনই পর্যটক। এছাড়া মৃতদের মধ্যে রয়েছেন কেনিয়ার এক বিমানচালক। কেনিয়ার উপকূল থেকে ১০ জন বিদেশি পর্যটক নিয়ে বিমানটি যাত্রা করেছিল।
কেনিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র ডায়ানি। সেখান থেকে একটা ছোট বিমান মাসাই মারা জাতীয় উদ্যানের বিমানবন্দর কিচওয়া টেম্বোর উদ্দেশ্যে ১০ জন বিদেশি পর্যটক নিয়ে যাত্রা করে। কেনিয়ার সময় ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানটি জঙ্গলে ভেঙে পড়ে। বিমানটিতে ৮ জন হাঙ্গেরির ও ২ জন জার্মান পর্যটক ছিলেন। বিমানের ক্যাপ্টেন ছিলেন কেনিয়ার।
মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘৮ জন হাঙ্গেরিয়ান, ২ জন জার্মান পর্যটক নিয়ে বিমানটি দিয়ানি থেকে কিচওয়া টেম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। মাঝপথে বিমানটি ভেঙে পড়ে। দুঃখের বিষয়, ক্যাপ্টেনসহ কেউ বেঁচে নেই। আমাদের জরুরি পরিষেবা দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের জন্য আমরা প্রার্থনা করছি।’
কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ অবশ্য পূর্ববর্তী এক বিবৃতিতে জানিয়েছিল, দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন যাত্রী ছিলেন। এর বেশি অবশ্য তারা বিস্তারিত কিছু জানায়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য সরকারি সংস্থাগুলি ঘটনাস্থলে হাজির হয়েছে। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। সংস্থার পর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি নিশ্চিত করছে যে, ডায়ানি থেকে কিচওয়া টেম্বো যাওয়ার পথে ৫ ওয়াই–সিসিএ নম্বরের একটি বিমান ০৫৩০ জেড–এ বিধ্বস্ত হয়েছে।’
বিমান ভেঙে পড়ার পরপরি পুলিশ এবং জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। এলাকা জুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, খারাপ দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। বিমান সংস্থাটি মাসাই মারা এবং নাইরোবিসহ কেনিয়ার প্রধান পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে মোম্বাসার সংযোগকারী ফ্লাইট পরিচালনা করে।
❤ Support Us






