Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২১, ২০২৬

বৃষ্টি-ধস-হড়পা বানে ফের বিধ্বস্ত কেরালা! মৃত ৮, নিখোঁজ বহু, ছয় জেলায় সতর্কতা জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃষ্টি-ধস-হড়পা বানে ফের বিধ্বস্ত কেরালা! মৃত ৮, নিখোঁজ বহু, ছয় জেলায় সতর্কতা জারি

বর্ষার শেষ লগ্নে ফের প্রবল দুর্যোগের কবলে কেরালা। একদিকে পাহাড়ি এলাকায় ধস, অন্যদিকে নদীর জল আচমকা ফুলে উঠে হড়পা বান — প্রবল বৃষ্টিতে রবিবার রাত থেকে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা। মালাপ্পুরমে কোট্টাপুঝা নদীতে হড়পা বানে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। ইডুক্কি ও কোট্টায়ামেও ধস ও মাটি চাপা পড়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

রবিবার, মালাপ্পুরমের নিলাম্বুরের পুক্কোট্টুমপাডামের কাছে টিকে কলোনি এলাকায় রবিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। জঙ্গলে প্রবল বৃষ্টির জেরে কোট্টাপুঝা নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে। ছুটির দিন হওয়ায় নদীর বিভিন্ন জায়গায় তখন ভিড় করেছিলেন পর্যটকেরা। কেউ নদীর ধারে, কেউ বা জলের কাছাকাছি নেমেছিলেন। চোখের পলকে বদলে যায় পরিস্থিতি। আচমকা জলস্ফীতির সঙ্গে প্রবল স্রোত নেমে আসায় নদীতে এবং নদীর আশপাশে থাকা কয়েক জন ভেসে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ জনের স্রোতে ভেসে যাওয়ার খবর পাওয়া যায়। কয়েক জন গাছের ডাল ও পাথরের উপর উঠে কোনো রকমে প্রাণ বাঁচান। স্থানীয় বাসিন্দারা নদীর বিভিন্ন জায়গায় আটকে থাকা প্রায় ৩০ জনকে উদ্ধার করেন।

রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধারকাজ চালানোর চেষ্টা হলেও অন্ধকার, প্রবল স্রোত আর প্রতিকূল আবহাওয়ার কারণে তা বন্ধ করে দিতে হয়। সোমবার সকাল ৬টা থেকে ফের শুরু হয় তল্লাশি। এখনো পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া দেহগুলি মঞ্জেরি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিন, নদীর তীরে কাপড় কাচছিলেন টিকে কলোনির বাসিন্দা সাজিথা। প্রবল স্রোতে তিনিও ভেসে যান বলে প্রশাসনের কাছে খবর। সোমবারও তাঁর সন্ধান মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ, দমকল, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ দল। দ্বিতীয় দিনের তল্লাশিতে জলের স্তর কিছুটা কমায় উদ্ধারকাজে গতি এসেছে। ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের রাজস্বমন্ত্রী এ পি অনিল কুমার, স্থানীয় বিধায়ক আর্যাদান শৌকত, জেলাশাসক এবং নিলাম্বুরের তহসিলদার-সহ প্রশাসনের আধিকারিকেরা। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নদী ও পর্যটনকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রেখে রাজ্যের বৃষ্টির পরিস্থিতি প্রতি ঘণ্টায় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। টিকে কলোনিতে গিয়ে তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজন হলে দ্রুত বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে।

প্রবল বৃষ্টির আর এক ভয়াবহ ছবি ইডুক্কির ভাট্টাভাডার কোট্টাকাম্বুরে। রবিবার বিকেলে কৃষিজমিতে কাজ করছিলেন বালাকৃষ্ণন, তাঁর স্ত্রী মারিয়াম্মা এবং বোন চিন্নু। বৃষ্টি আচমকা বাড়ায় তাঁরা কাছের একটি অস্থায়ী কৃষি-শেডে আশ্রয় নেন। তার পরই ঘটে বিপত্তি। শেডটির উপরের পাহাড়ের ঢাল হঠাৎ ভেঙে পড়ে। মাটি, পাথর আর কাদার স্রোত আছড়ে পড়ে ছোট্ট শেডটির উপর। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন তিন জন। বিকট শব্দ শুনে স্থানীয়েরা ছুটে আসেন। কিন্তু লাগাতার বৃষ্টি এবং দুর্গম পাহাড়ি রাস্তার কারণে উদ্ধারকারী যন্ত্রপাতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে হাত ও কাঠের লাঠি দিয়ে কাদা সরিয়েই উদ্ধারকাজ শুরু করতে হয়। শেষ পর্যন্ত তিন জনকেই বের করে আনেন স্থানীয়েরা। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে বালাকৃষ্ণন ও তাঁর বোন চিন্নুর। গুরুতর আহত মারিয়াম্মাকে মুন্নারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য আদিমালি তালুক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ ভাট্টাভাডা এবং আশপাশের কৃষিজমিতে এ ধরনের বহু অস্থায়ী শেড রয়েছে। গত কয়েক দিন ধরে ভাট্টাভাডা, পাম্পাডুম শোলা এবং কোট্টাকাম্বুর এলাকায় লাগাতার বৃষ্টি হচ্ছে।  প্রবল বৃষ্টিতে ভাট্টাভাডা থেকে ঠাট্টামপাড়ার যাওয়ার পথে একটি সেতুও ভেসে গিয়েছে। ফলে ওই পথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোট্টায়াম জেলাতেও ধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। টিকয় এলাকায় ধস নেমে মোটরসাইকেলে থাকা চেন্নাইয়ের এক মহিলার মৃত্যু হয়েছে। বন্ধুর সঙ্গে ভ্যাগামন থেকে তামিলনাড়ুর দিকে ফেরার সময় রাস্তার উপর ধস নেমে তাঁর স্কুটারের উপর মাটি পড়ে। গুরুতর আহত হন তাঁর বন্ধু। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একটি ঘটনায় পুঞ্জার থেক্কেকারায় একটি বাড়ির উপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদিকে, একটানা বৃষ্টির মধ্যে পালাক্কাড়ের কাঞ্জিরাপুঝা বাঁধ নিয়েও সতর্কতা জারি হয়েছে। জলাধারের ক্যাচমেন্ট এলাকায় বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় সোমবার সকাল ১০টা থেকে বাঁধের তিনটি স্পিলওয়ে শাটার ২ সেন্টিমিটার থেকে বাড়িয়ে ৫ সেন্টিমিটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭টা পর্যন্ত জলাধারের জলস্তর ছিল ৯৬.৮৫ মিটার। সর্বোচ্চ জলধারণ ক্ষমতা ৯৭.৫০ মিটার। বৃষ্টির তীব্রতা এবং জলাধারে জলের প্রবাহ আরও বাড়লে শাটার আরও তোলা হতে পারে বলে জানিয়েছেন সেচ দফতরের আধিকারিকেরা। বাঁধের নীচের দিকে এবং নদীর দু-পাড়ে থাকা বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদীতে নামা, মাছ ধরা কিংবা তীব্র স্রোত রয়েছে এমন জায়গায় যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সোমবার কেরলার ৬টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাঠানমথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইডুক্কি, এরনাকুলাম এবং ত্রিশূরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কমলা সতর্কতা জারি থাকা এলাকায় ২৪ ঘণ্টায় ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্ন এলাকায় বজ্রঝড়ের সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কোল্লাম, পালাক্কাড় এবং কান্নুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন কেরালার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ ও ২১ সেপ্টেম্বর বিচ্ছিন্ন এলাকায় বজ্রঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির পরিস্থিতির অবনতির কারণে কোট্টায়াম ও ইডুক্কির সতর্কতা হলুদ থেকে কমলা করা হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য বলছে, ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণের এ রাজ্যে স্বাভাবিকের তুলনায় ২৮ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক দিনের প্রবল বর্ষণ সে ঘাটতির চিত্রকে আড়াল করে একাধিক এলাকায় তৈরি করেছে নতুন বিপর্যয়ের আশঙ্কা।

পরপর  বিপর্যয়ের পর প্রশাসনিক তৎপরতা বাড়িয়েছে কেরালার কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, রাজ্যের বৃষ্টির পরিস্থিতি প্রতি ঘণ্টায় পর্যালোচনা করতে হবে। দুর্যোগ মোকাবিলা দফতরের কমিশনার ভিগ্নেশ্বরী আইএএস ইডুক্কি ও কোট্টায়ামের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। দুই জেলাতেই এসএমএসের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মালাপ্পুরমের নিলাম্বুর-অমরাম্বলম এলাকায় বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে পাহাড়ের ঢাল, নদী ও জলাশয়ের কাছাকাছি বসবাসকারী মানুষকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!