- এই মুহূর্তে দে । শ
- জুন ৪, ২০২৬
গ্রেফতার কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল
মহিলাকে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল । তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব পুঁটিয়ারির এক মহিলা রিজেন্ট পার্ক থানায় বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগকারী মহিলার দাবি, ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গাপুরী স্কুলের কাছে বিশ্বজিৎ মণ্ডল তাঁকে মারধর করেন এবং শ্লীলতাহানি করেন। শুধু তাই নয়, চলতি বছর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ৯ মে-ও অভিযুক্ত তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি মহিলার। এরপর গত ১ জুন রিজেন্ট পার্ক থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন তিনি।
উল্লেখ্য, বিধানসভা ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে হুমকি, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরও সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।
গত ২ জুন তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর এবং ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিং। এর পর বুধবার গ্রেপ্তার হন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশকুমার শর্মা। তাঁর বিরুদ্ধেও তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ।
এর আগে, গত ২৩ মে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে। সাম্প্রতিক এই ধারাবাহিক গ্রেপ্তারি কলকাতা পুরসভার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
❤ Support Us






