- দে । শ
- জুন ১১, ২০২৬
সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা শিবিরে একের পর এক ধাক্কা অব্যাহত । বৃহস্পতিবার একই দিনে দুই সাংসদের পদত্যাগের পর রাজ্যসভায় দলের শক্তি আরও কমে গেল । সূত্রের খবর, টলিউড অভিনেত্রী ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন । তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ৯-এ ।
এর আগে পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ১৩ আসন । বৃহস্পতিবার সকালে প্রথমে সাংসদ পদ থেকে ইস্তফা দেন প্রকাশ চিক বরাইক । আলিপুরদুয়ারের এই নেতার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে কোয়েল মল্লিকের ইস্তফার খবর ।
সূত্রের দাবি, কোয়েল আগেই ই-মেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন । তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে তাঁকে জানানো হয় যে, ইস্তফার প্রক্রিয়া সম্পূর্ণ করতে সশরীরে উপস্থিত হওয়া প্রয়োজন । সেই নিয়ম মেনেই তিনি পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ।
উল্লেখ্য, গত সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। তাঁর পর বুধবার পদত্যাগ করেন সুস্মিতা দেব । ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে একাধিক সাংসদের পদত্যাগে রাজ্যসভার অন্দরে তৃণমূলের অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ।
কোয়েল মল্লিকের রাজ্যসভায় মনোনয়নই ছিল রাজনৈতিক মহলে এক বড় চমক । কারণ, রাজনীতি নিয়ে প্রকাশ্যে কখনও বিশেষ আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে । ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থিতালিকা ঘোষণা করলে তাঁর নাম উঠে আসে । সেই তালিকায় ছিলেন প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার-এর মতো ব্যক্তিত্বরাও ।
পরবর্তীতে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন কোয়েল মল্লিক । কিন্তু শপথ নেওয়ার মাত্র দু’মাসের মধ্যেই তিনি সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, যা রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা উসকে দিয়েছে ।
❤ Support Us





