Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৯, ২০২৫

‘বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ’, চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য পুলিশ কমিশনারের।ধৈর্যশীল হওয়ার বার্তা শিক্ষামন্ত্রী, মুখ্যসচিবের। পাল্টা প্রতিক্রিয়া শিক্ষকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ’, চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য পুলিশ কমিশনারের।ধৈর্যশীল হওয়ার বার্তা শিক্ষামন্ত্রী, মুখ্যসচিবের। পাল্টা প্রতিক্রিয়া শিক্ষকদের

কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপরে পুলিশের লাঠি চার্জ ও মারধোরের ঘটনায় বাংলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পুরো ঘটনার জন্য রাজ্য সরকার ও পুলিশ-প্রশাসনকে দায়ী করেছেন আন্দোলনকারীরা। বিভিন্ন জেলা থেকেও চাকরিহারাদের কর্মসূচী ঘিরে পুলিশের সাথে সংঘাতের খবর এসেছে। স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন। চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে অনুরোধ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। লালবাজারের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপি বিধায়করা গ্রেফতার হয়েছেন। সাংবাদিক সম্মেলন করে বামেদের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সুজন চক্রবর্তী। এমত অবস্থায় কসবার অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন, ‘পুলিশের লাথি মারা কাম্য নয়। তবে মিডিয়ায় যে ফুটেজ দেখানো হচ্ছে সেটা ঘটনার একটি অংশ মাত্র। বিক্ষোভকারীদের পক্ষ থেকেও আঘাত করা হয়েছে। আমাদের ৬ জন আহত। একজনের চোট গুরুতর।’ সিপির পাশে বসে রাজ্যের মুখ্যসচিব পন্থ বলেছেন, ‘ সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলে, পুলিশকে মারধর করা হলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পুলিশকে পদক্ষেপ তো নিতেই হবে।’

ঘটনার প্রতিক্রিয়া দিয়ে লালবাজার থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্টভাবে লেখা হয়েছে, ‘আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে, প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশকর্মীদের উপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে, যার মধ্যে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। চার জন পুরুষ পুলিশকর্মী এবং দু’জন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, আরো ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা আটকাতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করেছে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।’ নবান্নে মুখ্যসচিবের সাথে বৈঠকের পর সিপি আরো জানিয়েছেন, ‘ পুলিশের কাছে এ নিয়ে আগে থেকে কোনো খবর ছিল না। বিনা প্ররোচনাতে পুলিশের উপর প্রথমে আক্রমণ চালান বিক্ষোভকারীরা। আমাদের ৬ জন কর্মী আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজঙ্ক। পুলিশের তরফে লাথি মারার যে ভিডিও সামনে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আরো নানা বিষয় রয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের তরফে দাবি করা হয়েছে, আজ কসবার ডিআই অফিসে চাকরিহারাদের ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচীর জন্য আগাম অনুমতি নেওয়া হয় নি। এরপর ডেপুটেশন দিতে হলে আগে থেকে জানালে তারাই ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন কমিশনার। তিনি বলেন, ‘কোথাও কোনো লাঠিচার্জ হোক আমরা তা চাই না। আমরা কারও বিপক্ষে নই। এরকম পরিস্থিতি যাতে আর না হয় সে আমাদের সবাইকে সে চেষ্টা করতে হবে।’ কসবার ঘটনা দুঃখজনক বলে দাবি করে মুখ্যসচিব বলেছেন, ‘আইনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে, সমাধানের চেষ্টাও চলছে। সবাইকে আইনে বিশ্বাস-আস্থা রাখতে হবে।’

অন্যদিকে মার খাওয়া চাকরিহারাদেরই আজকের ঘটনার জন্য দায়ী করে কাঠগড়ায় তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারারা কেন সেখানে গিয়েছিলেন, এই প্রশ্ন তুলেছেন তিনি। ব্রাত্য বসু মন্তব্য করেন, ‘নেতাজি ইন্ডোরে মিটিংয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর, ডিআই অফিসে তাঁরা কেন গিয়েছিলেন ? ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা সত্যি। তবে এটাও সত্যি যে তাঁদের নেত্রীস্থানীয়দের সঙ্গে বৈঠক করবো। আমরা সর্বাত্মকভাবে, মানবিকভাবে এবং আইনিভাবে কীভাবে বঞ্চিতদের চাকরি ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করব। যারা শিক্ষা দফতর, এসএসএসি-এর কাছে দাবি জানাচ্ছেন, তাঁদের জন্য আন্দোলন বা বিক্ষোভ কিছুদিনের জন্য স্থগিত রাখা যেতে পারে। এতে সময় তো লাগবে। আমার মনে হয় আরো কিছু ধৈর্য্য প্রয়োজন। তাঁরা বৈঠক করতে চাইছেন, আবার ধ্বংসাত্মক আন্দোলনের দিকে এগোচ্ছেন–এই দুটি একসঙ্গে হতে পারে না। আমরা সাহায্য করতে প্রস্তুত, এটা নিশ্চিত। পুলিশ কী করেছে, সে বিষয়ে আমি মন্তব্য করতে পারি না। বারবার বলছি, পোর্টাল আপডেট করা হবে। আমার কাছে কোথাও বেতন বন্ধ হওয়ার খবর নেই।’

পুলিশি অত্যাচারের প্রসঙ্গে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে বলেছেন, নির্বিচারে তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে । তাদের গায়ে রয়েছে ক্ষতের চিহ্ন । আন্দোলনকারীকা বলেন, আমরা তো এখন জীবন্ত লাশ। পুলিশি অত্যাচারের চিহ্নও মিডিয়ার সামনে তুলে ধরেছেন তারা । গড়িয়াহাটের মোড়ে এখন অব্যহত তাদের বিক্ষোভ প্রতিবাদ

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!