Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৫, ২০২৬

হেস্টিংসে মর্মান্তিক দুর্ঘটনা, বাতিস্তম্ভের আলো খুলে পড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর

আরম্ভ ওয়েব ডেস্ক
হেস্টিংসে মর্মান্তিক দুর্ঘটনা, বাতিস্তম্ভের আলো খুলে পড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর

কলকাতার হেস্টিংস চত্বরে সোমবার সকালে ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। রাস্তার ধারে থাকা একটি হাইমাস্ট বাতিস্তম্ভের আলো খুলে পড়ে মৃত্যু হল  ৬ বছরের এক শিশুর। মৃত শিশুর নাম গুড়িয়া খাতুন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, হেস্টিংস উড়ালপুলের নীচে পরিবারের সঙ্গে থাকত গুড়িয়া। উড়ালপুল লাগোয়া একটি হাইমাস্ট বাতিস্তম্ভের নীচেই অন্য দিনের মতো সোমবার সকালেও খেলছিল সে। সকাল প্রায় ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে আচমকাই বাতিস্তম্ভের একটি ভারী আলো খুলে নীচে পড়ে যায়। সেই আলোর আঘাতে গুরুতর জখম হয় গুড়িয়া। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, মাথায় গুরুতর আঘাত লেগেছিল গুড়িয়ার।

ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে হাইমাস্ট বাতিস্তম্ভের রক্ষণাবেক্ষণ নিয়ে। মৃত শিশুর পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাতিস্তম্ভের আলোটি সঠিক ভাবে লাগানো ছিল না। তাঁদের দাবি, আলোটি খুলে পড়ার পরে ঘটনাস্থল থেকে মাত্র একটি ‘নাট’ উদ্ধার হয়েছে। সাধারণত এ ধরনের আলো লাগানোর জন্য চারটি ‘নাট’ ব্যবহার করা হয়। অভিযোগ, বাকি তিনটি ‘নাট’ অনুপস্থিত থাকায় আলোটি খুলে পড়ে যায়।

গুড়িয়ার বাবা, যিনি পেশায় দিনমজুর, জানান যে তিনি ভাগ্নের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। সেখানে এসে তিনি দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর মেয়ে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
কী কারণে বাতিস্তম্ভের আলো খুলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!