- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩১, ২০২৬
রাতের গণপরিবহণ পরিষেবায় বাড়তি উদ্যোগ ! ১ আগস্ট থেকে কলকাতার একাধিক রুটে অতিরিক্ত সরকারি বাস
রাতের কলকাতায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মেট্রোর রাতের পরিষেবা বাড়ানোর পর এবার হাওড়া ও শিয়ালদহ স্টেশন, কলকাতা বিমানবন্দর এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাতের বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১ আগস্ট (শনিবার) থেকেই বাড়তি সরকারি বাস চলাচল শুরু হবে।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু সরকারি বাসই নয়, রাতের পরিষেবা আরও কার্যকর করতে বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকেও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। অতীতে তৃণমূল সরকারের উদ্যোগে নাইট বাস পরিষেবা চালু হলেও যাত্রীসংখ্যা ও অন্যান্য কারণে তা বেশিদিন চালু রাখা সম্ভব হয়নি। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেসব রুটে রাতের দিকে যাত্রীচাপ বেশি, সেগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সিদ্ধান্তের অন্যতম কারণ হলো, বহু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা রাতের শেষ ট্রেনে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছে পরদিন ভোরে সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোরে টিকিটের লাইনে দাঁড়ানোর জন্য শহরে আসেন। কিন্তু গভীর রাতে পর্যাপ্ত বাস না থাকায় তাঁদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। একইভাবে, রাত ৯টার পর কলকাতা বিমানবন্দর থেকেও পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি মেট্রোর রাতের শেষ পরিষেবার সময় বাড়ানো হলেও স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ সমস্ত সমস্যার সমাধান করতেই ট্রেন, মেট্রো ও বিমান পরিষেবার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাতের বাস পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, একাধিক বাসের শেষ ট্রিপের সময় বাড়িয়ে রাত ১০টা এবং ১০টা ৩০ মিনিট পর্যন্ত করা হবে।
যে রুটগুলিতে বাড়ানো হচ্ছে বাস পরিষেবা
- নীলগঞ্জ ডিপো – হাওড়া স্টেশন
- হাওড়া স্টেশন – পাটুলি
- হাওড়া স্টেশন – গড়িয়া বাস স্ট্যান্ড
- গড়িয়া বাস স্ট্যান্ড – হাওড়া স্টেশন
- হাওড়া স্টেশন – বালিগঞ্জ স্টেশন
- ডানলপ – বালিগঞ্জ স্টেশন
- উল্টোডাঙা – ইকো স্পেস (নিউ টাউন)
- কলকাতা বিমানবন্দর – গড়িয়া বাস স্ট্যান্ড
এছাড়াও ধাপে ধাপে ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা এবং বারাসত কেন্দ্রিক আরও বাস পরিষেবা বাড়ানো হবে। পাশাপাশি বিমানবন্দর, ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজি অভিমুখে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে শহরের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলির পাশ দিয়ে চলাচলকারী বাসের সংখ্যাও বাড়ানো হবে। এর মধ্যে রয়েছে মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, আরজি কর মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ ইএম বাইপাস সংলগ্ন একাধিক বেসরকারি হাসপাতাল। রাজ্য সরকারের আশা, এই উদ্যোগের ফলে গভীর রাতে ট্রেন, মেট্রো বা বিমান থেকে নেমে যাত্রীদের আর দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থাকতে হবে না। একই সঙ্গে হাসপাতালগামী রোগী, কর্মজীবী মানুষ এবং রাতের যাত্রীদের যাতায়াতও অনেক বেশি সহজ ও নিরাপদ হবে।
❤ Support Us





