- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৭, ২০২৫
আলোর উৎসবে সবুজ আতশবাজি ব্যবহারে সময় নির্ধারণ, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
কালীপুজো ও ছটপুজো উপলক্ষ্যে সময়সীমা নির্ধারণ করে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মার সই করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র অনুমোদিত সবুজ আতশবাজি নির্দিষ্ট সময়েই ব্যবহার করা যাবে। এই নির্দেশ জারি হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ২০ অক্টোবর ২০২৫ তারিখে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, ছটপুজো উপলক্ষে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সবুজ আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকা কলকাতা মেট্রোপলিটন এলাকার অন্তর্গত অঞ্চল ও দক্ষিণ ২৪ পরগনার সেই অংশগুলিতেও প্রযোজ্য, যেগুলি কলকাতা পুলিশের অধিক্ষেত্রে পড়ে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে আতশবাজি ফোটানো বা অনুমোদনবিহীন আতশবাজি ব্যবহার করলে বর্তমান আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, প্রতিটি থানার অফিসার-ইন-চার্জকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট এবং দূষণ পর্ষদের নির্দেশ যথাযথভাবে কার্যকর হয়। বিজ্ঞপ্তিটি প্রেস, কলকাতা পুলিশ গেজেট, এবং সব থানার, ডিভিশনাল ডিসিপি অফিস ও কলকাতা পুরসভার অফিসের নোটিস বোর্ডে সবার জন্য প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।
❤ Support Us








