Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৩, ২০২৪

পুলিশের ব্যারিকেডে আটক সুপার জায়ান্টস। কলকাতা লিগে সমস্যায় মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশের ব্যারিকেডে আটক সুপার জায়ান্টস। কলকাতা লিগে সমস্যায় মোহনবাগান

প্রথম দুটি ম্যাচে ড্র। ডার্বিতে হার। আগের ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে জয় পেয়েছিল। কলকাতা লিগে আবার পয়েন্ট নষ্ট করল মোহনবাগান সুপার জায়ান্টস। এবার আটকে গেল পুলিশ এসি–র কাছে। ম্যাচের ফল ১–১। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় পুলিশ এসি। দু–দুটি পেনাল্টি নষ্ট করার খেসারত দিতে হল মোহনবাগান সুপার জায়ান্টসকে। দুটি পেনাল্টি নষ্ট করেন ফারদিন আলি মোল্লা ও অভিষেক রঘুবংশী। পুলিশের সঙ্গে ড্র করে সুপার সিক্সে ওঠার সম্ভাবনা ক্ষীণ মোহনবাগানের।

পুলিশ এসি–র বিরুদ্ধে এদিন একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি মোহনবাগান। মাঝমাঠে খেলা তৈরি না হওয়ায় সুহেল ভাটরা গোলের জন্য সেভাবে বল পাচ্ছিলেন না। তার মাঝেই সুহেল ভাট একক প্রচেষ্টায় কয়েকবার পুলিশের গোলমুখে হানা দেন। কিন্তু সাফল্য আসছিল না। অবশেষে, তাঁর গোলেই এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ৪০ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে হেডে গোল করেন সুহেল ভাট। মিনিট চারেক পরই ব্যবধান বাড়াতে পারত মোহনবাগান সুপার জায়ান্টস। বক্সের মধ্যে সুহেল ভাটকে ফাউল করেন পুলিশ এসি–র রঞ্জিত সর্দার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ফারদিনের পেনাল্টি আটকে দেন পুলিশ গোলকিপার মইদুল।

দ্বিতীয়ার্ধের শুরু দিকে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। টাইসন সিং মাঠে নামায় মোহনবাগানের আক্রমণে গতি বাড়ে। এই মধ্যে আবার পেনাল্টি পায় মোহনবাগান এবার অভিষেক রঘুবংশী বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। ম্যাচের ৫৫ মিনিটে পুলিশে হয়ে সমতা ফেরান রবি দাস। মোহনবাগান ডি বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন রবি। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। রেফারি ৯ মিনিট ইনজুরি সময় দিয়েও মোহনবাগানকে জেতাতে পারেননি। ম্যাচ ১–১ গোলে ড্র হয়। ৫ ম্যাচে ১টা জয়, ৩টি ড্র, ১টি হার মোহনবাগানের। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৭ নম্বরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!