- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১২, ২০২৫
ইডেন টেস্ট ঘিরে কড়া ট্রাফিক আইন শহরে। কী নির্দেশিকা কলকাতা পুলিশের
শুক্রবার, ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। প্রায় ছয় বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে টেস্ট ক্রিকেট। ম্যাচ উপলক্ষে কলকাতা জুড়ে জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা—বিশেষ করে দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের পর থেকে দুই দলের যাতায়াত ঘিরে কড়াকড়ি আরও বেড়েছে। ইডেন ও ময়দান চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশিকা।
যান চলাচলে নিষেধাজ্ঞা :
ইডেন গার্ডেন্স এবং ময়দান সংলগ্ন এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরেও কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না।
ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোষ্ঠ পাল সরণিতে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে।
যেসব রাস্তা খোলা থাকবে :
পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে হাওড়াগামী পণ্যবাহী গাড়ি চলতে পারবে।
দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগমুখী বাস ও মিনিবাস যাবে রানি রাসমণি অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে।
উত্তর দিক থেকে আসা বাস যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, এসএন ব্যানার্জি রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউর দিকে।
দক্ষিণ দিকের ছোট গাড়ি ও বাইকের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড।
উত্তর ও পূর্ব দিকের গাড়ির জন্য খোলা থাকবে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ।
পার্কিংয়ে নিষেধাজ্ঞা :
পাঁচদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরুনানক সরণি এবং ডাফরিন রোডে গাড়ি পার্কিং নিষিদ্ধ।
ইডেন গার্ডেন্সের আশপাশে কোনও ট্যাক্সি বা প্রাইভেট বাস দাঁড় করানো যাবে না।
অকল্যান্ড রোডে দাঁড়ানো বাসগুলোকে কিরণ শঙ্কর রায় রোড, এসপ্ল্যানেড রোড ইস্ট ও সেন্ট্রাল বাস টার্মিনাসে সরিয়ে দেওয়া হবে।
হাওড়াগামী বাসের নতুন পথ:
কলকাতা থেকে হাওড়াগামী বাস চলবে ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড ও জিরাট ব্রিজ হয়ে।
তবে ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতি অনুযায়ী এই নির্দেশিকায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
❤ Support Us






