Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৩, ২০২৬

সুপ্রিম ভর্ৎসনার ৭২ ঘণ্টার মধ্যেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি কলকাতা পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিম ভর্ৎসনার ৭২ ঘণ্টার মধ্যেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি কলকাতা পুলিশের

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর বকেয়া কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১৫ মে-র পর থেকে কাজ চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং পরবর্তী পর্যায়ের কাজের সময়সূচি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

গত ২৬ মার্চ কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে মেট্রো কর্তৃপক্ষকে কাজ শুরু করার প্রস্তাব দেওয়া হয়। নির্মাণকারী সংস্থা আরভিএনএল (RVNL) জানিয়েছে, ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে তিন থেকে চার দিনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি নেওয়া হবে। বর্ষা আসার আগেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।

উল্লেখ্য, মাত্র ৩৬৬ মিটার লাইনের সংযোগ বাকি থাকার কারণেই নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ আটকে ছিল। চিংড়িঘাটার একটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রায় ৩১৬ বর্গমিটার জায়গার কাজ সম্পূর্ণ করতে সাময়িকভাবে ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি ছিল। কিন্তু অভিযোগ ছিল, সেই অনুমতি দিচ্ছিল না রাজ্য সরকার, ফলে কাজ এগোচ্ছিল না।

এই ইস্যুতে গত ২৩ মার্চ সুপ্রিম কোর্টে শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে। আদালত কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখে এবং রাজ্য সরকারকে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানায়, তা না করলে মামলাটি খারিজ করে দেওয়া হবে। একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগও তোলে আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “সব কিছু রাজনীতির মধ্যে টেনে আনবেন না। এটা উন্নয়নের বিষয়।”

এর আগে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকার, কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার (ট্রাফিক) এবং ডেপুটি কমিশনার (ট্রাফিক)-কে প্রয়োজনীয় এনওসি (ছাড়পত্র) দেওয়ার নির্দেশ দিয়েছিল। সমস্যা সমাধানে আদালতের নির্দেশে মেট্রো, রাজ্য সরকার এবং নির্মাণকারী সংস্থার মধ্যে একাধিক বৈঠকও হয়, তবে তাতে সমাধান মেলেনি।

অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর প্রশাসনিক তৎপরতায় গতি আসে এবং চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটতে শুরু করেছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!