- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ৯, ২০২৫
‘অপারেশন আখাল’ এ কুলগাঁওয়ে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ, শহীদ দুই জওয়ান
জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুজন সেনা জওয়ান নিহত হয়েছেন। আরও দুই সেনা আহত হয়েছেন। ‘অপারেশন আখাল’ চলার নবম দিনে শনিবার দুই জওয়ান প্রাণ হারালেন। নিহত দুই জওয়ানের নাম ল্যান্স নায়েক প্রিতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং। সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স–এ তাঁদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
এক্স–এ সেনাবাহিনীর পক্ষ থেকে লেখা হয়েছে, ‘চিনার কর্পস জাতির প্রতি কর্তব্য পালনের সাহসী যোদ্ধা। লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিংয়ের সর্বোচ্চ আত্মত্যাগকে ভারতীয় সেনাবাহিনী সম্মান জানাচ্ছে। তাদের সাহস এবং নিষ্ঠা চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনাবাহিনী এই দুই জওয়ানের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। শোকাহত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছে। সেনার অভিযান অব্যাহত রয়েছে।’
দক্ষিণ কাশ্মীর জেলার আখালের জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর ১ আগস্ট থেকে নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে এখনও পর্যন্ত ৫ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনী সূত্রের মতে, এখনও কমপক্ষে তিনজন সন্ত্রাসী ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে। তারা প্রাকৃতিক গুহার মতো আস্তানা ব্যবহার করে লুকিয়ে আছে। নিরাপত্তা বাহিনী ঘন জঙ্গল ঘেরা এই অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে।
ঘন পাতা এবং গুহায় ভরা জঙ্গল ও দুর্গম ভূখণ্ডে অভিযানে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সেনাবাহিনী। বনাঞ্চলে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করার অভিযানে প্যারা কমান্ডোরাও সেনাবাহিনীকে সাহায্য করছে। অভিযান শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে তীব্র গুলির লড়াই চলছে। নাইট ভিশন ডিভাইস এবং দূরপাল্লার রাইফেল নিয়ে দিন–রাত অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। আখাল গ্রামের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন। অবিরাম গুলিবর্ষণ এবং বিস্ফোরণে কয়েকজন শিশু এবং মহিলা আহত হয়েছেন। স্থানীয়দের সাহায্য করার জন্য এবং জরুরি পরিস্থিতিতে সমন্বয় সাধনের জন্য সেনা এলাকায় নোডাল অফিসার নিয়োগ করেছে।
❤ Support Us





