Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৭, ২০২৫

লাদাখে শুরু তুষারপাত, ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
লাদাখে শুরু তুষারপাত, ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের

মঙ্গলবার মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল লাদাখ। এই কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চভূমিতে তুষারপাত হয়। ফলে ১৮,৩৭৯ ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ যানবাহন চলাচলের পথ খারদুং লা পাস বরফে ঢেকে যায়। উচ্চভূমিতে তুষারপাতের পাশাপাশি লাদাখের সমভূমিতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

গত ২৪ ঘন্টা ধরে লাদাখের বেশিরভাগ পর্বত গিরিপথে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে। এর মধ্যে রয়েছে খারদুং লা পাস। এটা শ্যোক এবং নুব্রা উপত্যকার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। লেহ–প্যাংগং হ্রদের রাস্তার পাশে ১৭,৯৫০ ফুট উচ্চতায় চু চাংলা এবং জান্সকার উপত্যকা অঞ্চলও বরফে ঢেকে গেছে। লেহ এবং কার্গিল জেলা সদর দপ্তর, অন্যান্য মহকুমাসহ সমভূমিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাদাখে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতর জলের স্রোত, গিরিপথের ওপর দিয়ে যানবাহন চলাচল, উঁচু স্থানে তুষারপাত এবং ভূমিধসের ব্যাপারে সতর্ক করেছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে এবং সরকারী পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে লাদাখে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। লেহ বিমানবন্দরে আসা–যাওয়ার বেশ কিছু উড়ান বাতিল করা হয়েছে। বিমান বাতিলের কারণে তিব্বতের দালাই লামা লাদাখে আটকে গেছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর বিমান ছাড়তে পারেনি। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে লেহ–তে থাকতে হবে। লাদাখের দেড় মাসের সফর শেষে মঙ্গলবার ধর্মশালায় নিজের বাসভবনে ফেরার কথা ছিল দলাই লামার। ১২ জুলাই তিনি লেহ–তে পৌঁছন।
‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!