- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৭, ২০২৬
প্রচারের শেষ পর্বে রাজ্যে মোদি-শাহ, যাদবপুর থেকে পদযাত্রা মমতার
সোমবার দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন। প্রচার শেষ হবে সন্ধ্যা ছটায়। এদিকে আজও রাজ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহ প্রচারে থাকছেন। ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিং-এর হয়ে জিলিপি ময়দানে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী যাদবপুর থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা করবেন।
প্রথম দফার ভোট শেষ হওয়ার পর উভয় পক্ষই দাবি করছে তারা ১০০-র বেশি আসনে জয়লাভ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম দফার নির্বাচন শেষে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, “বিজেপি প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ১১০টি আসনে জয়লাভ করেছে। ৪ তারিখ বিকেলে মমতাদিদি টাটা বাইবাই।”
এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফার শেষে বিভিন্ন সভা থেকে বলছেন, “প্রথম দফাতেই হাফ সেঞ্চুরি হয়েছে। দ্বিতীয় দফাতেও যেখানে ভোট বাকি আছে তার সবটাই তৃণমূলের জায়গা। সরকার তৃণমূলই করবে।”
এদিকে অমিত শাহের এই হুঁশিয়ারির উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, “বাপের ব্যাটা হলে ৪ তারিখ বিকেলে কলকাতায় থাকুন।”
এই হুমকি পাল্টা হুমকিতে যখন রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল ভোটের ময়দান গরম করছেন, উভয় পক্ষই যখন “আমরাই জিতছি” এই দাবি করে প্রচারের উত্তাপ বাড়াচ্ছেন তখন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ছাপ্পা ভোট দিতে গেলে তা ক্যামেরায় ধরা পড়বে। ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়লে এক বছর জেল খাটতে হবে।
তবে নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তেও হুমকি-হুঁশিয়ারির রাজনীতি বন্ধ হয়নি। রবিবার রাতে জগদ্দল রণক্ষেত্রের রূপ নেয় বিজেপি-তৃণমূলের সংঘর্ষে। জগদ্দল থানার সামনে সংঘর্ষে লিপ্ত হয় বিজেপি-তৃণমূল। সোমবার সকালেও ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত ভাটপাড়া থানা ঘেরাও করে। কারণ তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে পুলিশ রবিবার রাতের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করে। সোমবার বেলা বাড়তেই কাকিনারার ৬ নম্বল গলি এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করেছে। এদিকে জগদ্দল জিলিপি ময়দানে প্রধানমন্ত্রীর সভা। তাই সভা শুরুর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী।
❤ Support Us






