- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৫, ২০২৫
নির্বাচনের আগে আবগারি দফতরের বিশেষ অভিযান, মদ পাচারকারীদের আক্রমণে বিহারে গুরুতর আহত ৫ পুলিশকর্মী
সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে তৎপর প্রশাসন। বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় মদ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিহার পুলিশ। শুক্রবার এমনই একটা অভিযান চালাতে গিয়ে পাচারকারীদের আক্রমণে গুরুতর জখম ৫ পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটা দল মদ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে বেগুসরাই জেলার ভিথ গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় মদ পাচারকারী এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের দলটিকে ঘিরে ফেলে। পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে। তারা পুলিশ ভ্যানের জানালা ভেঙে দেয় এবং পুলিশ দলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। পাচারকারীদের আক্রমণে দুই মহিলা কনস্টেবলসহ ৫ জন পুলিশকর্মী আহত হয়।
নিজেদের বাঁচাতে পুলিশ পাঁচ রাউন্ড শূন্যে গুলি ছোড়ে। সাহায্যের জন্য বেগুসরাই জেলা পুলিশে খবর দেয়। এরপরই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন মদ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদ বিক্রি ও পাচার, কর্তব্যরত পুলিশ কর্তাদের আক্রমণ ও খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
রাজ্যে মদ মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আইনশৃঙ্খলার উন্নতি, পারিবারিক সহিংসতা হ্রাস এবং সামাজিক ও স্বাস্থ্যগত মান উন্নত করার লক্ষ্যে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই আইনটি চালু করেন। এই সিদ্ধান্তে কিছু অংশে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে বিরোধীরা কেবল সরকারি কোষাগারের ক্ষতির কারণেই নয়, বরং এর ফলে সৃষ্ট দুর্নীতি এবং মদ মাফিয়াদের উত্থানের কারণে এই পদক্ষেপের সমালোচনা করেছে। আরজেডি নেতা তেজস্বী যাদব, এই আইনটি পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন। জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আরও এক ধাপ এগিয়ে ক্ষমতায় আসার পর তাৎক্ষণিকভাবে এই আইন বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মদ পাচার ও সেবনের অভিযোগে শুক্রবার রাজ্যজুড়ে ১৮৫টি অভিযান চালায় বিহার আবগারি দফতর ও পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৬৩৭ লিটার অবৈধ দেশি মদ ও ১০৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। নির্বাচনের পরিপ্রেক্ষিতে আবগারি বিভাগ আলাদা দল গঠন করেছে এবং ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে।
❤ Support Us






