Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১১, ২০২৬

লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নোটিসে ভুল, সংশোধনের নির্দেশ ওম বিড়লার। নতুন নোটিস জমা বিরোধীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নোটিসে ভুল, সংশোধনের নির্দেশ ওম বিড়লার। নতুন নোটিস জমা বিরোধীদের

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা পড়ল বুধবার। তবে বিরোধী দলগুলির পক্ষ থেকে দাখিল করা ওই নোটিসে চার জায়গায় ভুল তারিখ লেখা ছিল বলে সূত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, নিয়ম অনুযায়ী এমন নোটিস খারিজ হয়ে যাওয়ার কথা থাকলেও স্পিকার নোটিসটি সংশোধন করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন লোকসভার সচিবালয়কে। যদিও এই বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

মঙ্গলবার দুপুরে সংসদীয় আইনের ৯৪(সি) ধারায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ। তাঁর সঙ্গে ছিলেন লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ এবং হুইপ মহম্মদ জাভেদ। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি (এসপি) ও ডিএমকের প্রতিনিধিরাও।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ১১৮ জন বিরোধী সাংসদের স্বাক্ষরযুক্ত নোটিসটি লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপলকুমার সিংহের কাছে জমা পড়ে। কিন্তু তাতে চারটি স্থানে ভুল তারিখ থাকায় তা নিয়মভঙ্গের শামিল বলে মনে করা হচ্ছিল। লোকসভার একটি সূত্রের দাবি, বিধি অনুযায়ী নোটিসটি বাতিল হওয়ার কথা। তবু স্পিকার সচিবালয়কে ভুলগুলি সংশোধন করে পরবর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

তবে মঙ্গলবার রাতেই বিরোধীরা আগের নোটিস প্রত্যাহার করে নতুন করে সংশোধিত নোটিস জমা দেন বলে খবর। নিয়ম মেনে নতুন নোটিসটিও খতিয়ে দেখবে লোকসভার সচিবালয়। ৯ মার্চ দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হওয়ার পর অনাস্থা প্রস্তাবটি গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদীয় প্রথা অনুযায়ী, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি সভা পরিচালনা করেন না। ফলে বাজেট অধিবেশনের প্রথম পর্বের বাকি তিন দিন—বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—লোকসভায় সভাপতিত্ব করবেন না ওম বিড়লা। সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এই নীতিগত সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি।

এদিকে, স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি তৃণমূল কংগ্রেসের সাংসদরা। মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তাতে তাঁদের আপত্তি নেই। তবে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলির যৌথ বিবৃতি আগে প্রকাশ করতে হবে। সেই প্রক্রিয়া অনুসরণ করা হলে তবেই তৃণমূল সাংসদরা নোটিসে সই করবেন বলে স্পষ্ট করেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!