- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৫, ২০২৫
কেতুগ্রামে অজয় থেকে সেন যুগের বিষ্ণুমূর্তি উদ্ধার
প্রায় ৯০০ বছরের পুরনো সেন যুগের কালো পাথরের বিষ্ণুমূর্তি মিলল কেতুগ্রামে। কেতুগ্রামের রসুই গ্রাম লাগোয়া অজয়ের জল কমে যাওয়ায় বালির চর পড়েছে। সেই বালি খুঁড়ে ২০ ইঞ্চি লম্বা ও সাড়ে ৯ ইঞ্চি চওড়া মূর্তিটি উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। খবর দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার তরফে মূর্তিটি নিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কাটোয়া মহকুমার প্রাচীন ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল, মূর্তিটি ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি। সম্ভবত দ্বাদশ শতকের। তবে অবাক হওয়ার মত বিষয় হল, মূর্তিটি মোটামুটি অক্ষত রয়েছে। মূর্তিটি চতুর্ভুজ। সম্পদস্থানক ভঙ্গিমায় দণ্ডায়মান। ডান দিকে উপরের হাতে পদ্ম ও নীচের হাতে গদা এবং বাম দিকে উপরের হাতে চক্র ও নীচের হাতে শঙ্খ রয়েছে। এক পাশে সরস্বতী ও অন্য পাশে লক্ষ্মী রয়েছে। মূর্তির উপরে কীর্তিমুখ। দু’পাশে উড়ন্ত বিদ্যাধর। এই ধরনের মূর্তি মূলত বণিক মহলে পূজিত হত। এককালে মঙ্গলকোট, কেতুগ্রাম ও লাগোয়া এলাকাজুড়ে প্রচুর বণিকের বসবাস ছিল। মঙ্গলকোটের বাসিন্দাদের দাবি, কাটোয়া মহকুমার অজয় তীরবর্তী এলাকাগুলিতে প্রায়ই পাল ও সেন যুগের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রত্নবস্তু মিলছে। এইসব এলাকাগুলি সরকারের তরফে নিবিড় খননকার্য হলে না জানি আরও কত সম্পদ মিলবে। তাতে হয়ত দেশের ইতিহাস বা ভূগোলের অভিমুখই বদলে যাবে।
❤ Support Us






