- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ১০, ২০২৫
দাবানল ছড়াচ্ছে দ্রুত, বিধ্বংসী আগুনে ছাড়খার লস অ্যাঞ্জেলেস
সার দিয়ে দাঁড়িয়ে ধ্বংসস্তুপের মতো বাড়িগুলি। সব পুড়ে তছনছ হয়ে গিয়েছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে ঘরের জিনিসপত্র। গাছপালা, বনজঙ্গল পুড়ে খাক হয়ে গেছে। এদিক ওদিক থেকে ভয়াল সাপের ফনার মতো আগুনের লেলিহান শিখার জিভ ঝলকিয়ে উঠছে। আকাশ ঢেকে গেছে ধোঁয়ায়। ড্রোন দিয়ে তোলা পৃথিবীর উন্নত শহর লস অ্যাঞ্জেলেসের এই ছবি দেখে আটকে উঠেছে বিশ্ব। ঠিক যেন ফিলিস্তিনের যুদ্ধক্ষেত্র। লস অ্যাঞ্জেলেস প্রদেশের শেরিফ, রবার্ট লুনা, এই অঞ্চলে ভয়াবহ দাবানলের ধ্বংসযজ্ঞকে পারমাণবিক বোমা পড়বার সঙ্গে তুলনা করেছেন। বৃহস্পতিবার লুনা বলেন, “এটা দেখে মনে হচ্ছে যেন এই এলাকায় পারমাণবিক বোমা ফেলা হয়েছে।”
মঙ্গলবার প্যালিসেডসে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই দাবানল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লস অ্যাঞ্জেলসের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তাণ্ডব শুরু করে মোট ৬টি দাবানল। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, প্যালিসেডস এলাকার ১৯,০৫৯ একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আলটাডেনা এবং পাসাডেনায় পুড়ে গিয়েছে ১৩,৬৯০ একর জমি। প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স এবং বিলি ক্রিস্টালের মতো সেলিব্রিটিরা আক্রান্তদের মধ্যে রয়েছেন। বিপর্যস্ত হলিউড হিলস। এটাই লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল। মালিবুর সমুদ্র তীরবর্তী বাড়িগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও, পাঁচটি চার্চ, একটি সিনাগগ, সাতটি স্কুল, দুটি লাইব্রেরি, এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হিলস অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার নতুন করে অগ্নিকাণ্ড ঘটে, যা কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত ছড়িয়ে প্রায় ৯০০ একর জায়গা গ্রাস করে নেয়। আগুনে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীদের দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। একাধিক দাবানলের বিরুদ্ধে তাঁরা এই মুহূর্তে লড়াই করেছেন। হাজার হাজার বাড়ি পুড়ে গেছে সেখানকার এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সতর্ক করে বলেছেন যে প্রবল বাতাস আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলবে। পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসেডস এবং আলটাদেনা, যেখানে বহু কোটি ডলারের বাড়ি ছাই হয়ে গেছে। মঙ্গলবার প্যালিসেডসে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই দাবানল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ‘ন্যাশনাল গার্ড’ মোতায়েন করা হয়েছে।
গভর্নর গ্যাভিন নিউজম নিশ্চিত করেছেন যে তাঁরা যথাসাধ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে “ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আগুন” হিসেবে বর্ণনা করে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে দাবানলের আগুনে হাত সেঁকে চলছে রাজনীতির তরজা। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গর্ভনর নিউজম কে ব্যঙ্গ করে ‘গ্যাবিন নিউজকাম’ বলেছেন। ট্রাম্পের দাবি গভর্নরের অব্যবস্থা ও দাবানল প্রতিরোধে প্রশাসনিক ব্যার্থতাই এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। জো বাইডেন অ্যামেরিকায় দুর্দিনে রাজনীতির ঘাতপ্রতিঘাত বন্ধ করবার আবেদন করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য হিসাবে কানাডাকে অন্তর্ভুক্ত করার জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী বক্তব্যের মধ্যে, জাস্টিন ট্রুডো, যিনি সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে সাহায্যের হাতের প্রস্তাব দিয়েছেন। নিজের X- হ্যান্ডেলে ট্রুডো কানাডিয়ান অগ্নিনির্বাপক কর্মীদের লস অ্যাঞ্জেলেসে আগুন নেভানোর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন “প্রতিবেশীরা প্রতিবেশীদের সাহায্য করছে।”
বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যে দুই দশক ধরে খরা, তারপর ২ বছর ব্যতিক্রমি আদ্রতা । প্রচুর পরিমাণে শুকনো গাছপালা তৈরি করেছে যার ফলেই এই বিশাল অগ্নিকাণ্ড ঘটছে। গত ৮ মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভারী বৃষ্টিপাত হয়নি। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে পরিস্থিতি আগামীতে আরো “সঙ্কটজনক” হতে পারে। সেখানে একটানা শক্তিশালী বাতাস এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
দাবানলের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ১৩৫-১৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে অনুমান করা হছে। দাবানল এখন কেবল লস অ্যাঞ্জেলেস নয়, গোটা অঞ্চলের জন্য এক চরম বিপদের।
❤ Support Us






