Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৬

ফের দাম বৃদ্ধি এলপিজির! অটোর ভাড়া বাড়ার আশঙ্কা, চাপে নিত্যযাত্রী ও চালকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের দাম বৃদ্ধি এলপিজির! অটোর ভাড়া বাড়ার আশঙ্কা, চাপে নিত্যযাত্রী ও চালকরা

পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটতেই ফের বাড়ল গ্যাসের দাম, যার সরাসরি প্রভাব পড়তে পারে অটো ভাড়ায়। একধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়ে বর্তমানে অটোর গ্যাসের দাম দাঁড়িয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা। ফলে ইতিমধ্যেই চাপে থাকা সাধারণ মানুষ এবং অটোচালকদের উদ্বেগ আরও বেড়েছে।

যুদ্ধ পরিস্থিতির আগে অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি মাত্র ৫২ টাকা। তবে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতেও। রান্নার গ্যাস থেকে শুরু করে অটোর এলপিজি— সব ক্ষেত্রেই জোগান ও দামের অস্থিরতা দেখা দিয়েছে। তবে, এই মূল্যবৃদ্ধির ধারা নতুন নয়। গত ১১ মার্চ প্রথম দফায় ৫ টাকা বেড়ে দাম হয় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ আরও ৭ টাকা ৩২ পয়সা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ায় ৭০ টাকা। ১ এপ্রিল আবার একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বেড়ে যায়। আর এক মাসের মধ্যেই ফের ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়ে বর্তমান দাম ৮৯ টাকা ৪০ পয়সায় পৌঁছেছে।

ইতিমধ্যেই মেট্রো শহরগুলির অনেক রুটেই অটো ভাড়া বাড়ানো হয়েছে। তবে যেসব রুটে এখনো ভাড়া অপরিবর্তিত রয়েছে, সেখানেও এলপিজির দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির সম্ভাবনা জোরালো হচ্ছে। এতে চাপে পড়েছেন সাধারণ যাত্রীরা, বিশেষ করে মধ্যবিত্তরা। অটোচালকদের অবস্থাও খুব একটা ভালো নয়। বেহালা-রাসবিহারী রুটের এক চালক জানান, ‘গত মাসেই ২৫ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। এ মাসে আবার ভাড়া বাড়ানো সম্ভব কি না জানি না, না হলে অতিরিক্ত খরচ আমাদের পকেট থেকেই যাবে।’

এদিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও জ্বালানির দাম বাড়াতে শুরু করেছে। প্রথম ধাক্কা এসেছে বাণিজ্যিক গ্যাসে— ১৯ কেজির সিলিন্ডার পিছু একধাক্কায় ৯৯৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে আপাতত স্বস্তির বিষয়, গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে এখনো কোনো পরিবর্তন করা হয়নি। সব মিলিয়ে জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে তুলছে এবং আগামী দিনে অটো ভাড়া বাড়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!