Advertisement
  • দে । শ
  • মার্চ ২০, ২০২৬

জ্বালানি সংকট, বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ইহুদি বেকারি

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্বালানি সংকট, বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ইহুদি বেকারি

পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার প্রভাব এবার এসে পড়েছে কলকাতার বুকে। গ্যাস সরবরাহে সংকটের জেরে শহরের অন্যতম ঐতিহ্যবাহী বেকারি নাহুম অ্যান্ড সন্স সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কলকাতার নিউ মার্কেটের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ১২০ বছরের পুরনো এই ইহুদি বেকারিটি ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। দোকানের বাইরে টাঙানো নোটিসে জানানো হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতি’র কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেকারির এক কর্তা জগদীশ হালদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বাণিজ্যিক এলপিজি সরবরাহে সমস্যা হচ্ছিল। সীমিত গ্যাসে কোনওরকমে কাজ চালানো হলেও উৎপাদন অনেকটাই কমিয়ে দিতে হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে ব্যবসা চালানো কার্যত অসম্ভব হয়ে ওঠে।

এই গ্যাস সংকটের নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার বর্তমান অশান্ত পরিস্থিতি। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় তার প্রভাব বিশ্বজুড়ে পড়েছে, যার রেশ এসে পৌঁছেছে কলকাতার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে।

জগদীশ হালদারের কথায়, “সীমিত সরবরাহে কাজ চালাচ্ছিলাম। কিন্তু উৎপাদন এতটাই কমে গিয়েছিল যে আর চালানো সম্ভব হচ্ছিল না। তাই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে।” তিনি আরও জানান, ২৩ মার্চ থেকে পুনরায় দোকান খোলার পরিকল্পনা রয়েছে এবং যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রায় পরিষেবা চালু করার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, ইহুদি রীতিনীতি মেনে এই বেকারি প্রতি শনিবার বন্ধ থাকে। তবে কোভিড লকডাউন ছাড়া সাম্প্রতিক সময়ে এভাবে টানা কয়েকদিনের জন্য দোকান বন্ধ রাখার নজির নেই। এর আগে ২০১৩ সালে মালিক ডেভিড নাহুম-এর মৃত্যুর পর অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। তারপর এই প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো কলকাতার এই ঐতিহ্যবাহী বেকারি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!