- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৬, ২০২৫
শুনানিতে গরহাজির, সাভারকার মানহানি মামলায় ২০০ টাকা জরিমানা রাহুল গান্ধির
বিনায়ক দামোদর সাভারকার, ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত চরিত্র। কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপির কাছে তিনি বীর সাভারকার, স্বাধীনতা সংগ্রামের অনন্য যোদ্ধা। অপরদিকে কংগ্রেসের কাছে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপন্থী চরিত্র। তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে সাভারকারের ‘মুচলেকা’ দেওয়া নিয়ে প্রায়শই গেরুয়া শিবিরকে আক্রমণ করে কংগ্রেস। সেই সাভারকরের উপর তাঁর কথিত অবমাননাকর মন্তব্য সম্পর্কিত, ২০২২ সালের মানহানির মামলায় হাজিরা দেননি বিরোধী দলনেতা রাহুল গান্ধি। গড়হাজিরার জন্য তাঁকে ২০০ টাকা জরিমানা করেছে লখনৌ আদালত।
লখনৌয়ের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা ২০২৪ সালের ডিসেম্বরে রাহুল গান্ধীকে আদালতে হাজিরা দিতে বলেছিলেন, তখন তিনি হাজিরা দেন নি। এদিন গান্ধীর পক্ষের আইনজীবী আদালতে বলেন সে সময় বিরোধী দলনেতা সরকারি কাজে ব্যস্ত ছিলেন। বৈঠক ও অন্যান্য নির্ধারিত কর্মসূচী ছিল, যার ফলে তিনি আদালতে আসতে পারেন নি। এরপর আইনজীবী আবেদন করেন, যাতে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। সে আবেদন খারিজ করে দিয়ে, বিচারপতি তখন রাহুলের গড়হাজিরার জন্য ২০০ টাকা জরিমানার আদেশ দেন। এই টাকা অভিযোগকারীর আইনজীবিকে দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৪ এপ্রিল। সেই দিন অবশ্যই তাঁকে এজলাসে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে বিচারক এও জানিয়েছেন, পরের শুনানিতে রাহুল হাজির না থাকলে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে।
মানহানির এই মামলার প্রেক্ষিত ১৭ নভেম্বর, ২০২২, ‘ভারত জোড়ো’ যাত্রায় সময়ের। মহারাষ্ট্রের আকোলা জেলায় একটি দলীয় সমাবেশে সাভারকারকে নিয়ে ‘কটু মন্তব্য’ করেছেন রাহুল গান্ধী এই অভিযোগে আইনজীবী নৃপেন্দ্র পান্ডে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ‘নিজের বক্তব্যে রাহুল সমাজে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে জাতীয়তাবাদী বিনায়ক দামোদর সাভারকারকে ব্রিটিশদের সেবক বলে অভিহিত করেছিলেন।’ তিনি আরো দাবি করেন, ‘ভাষণে বিরোধী দলনেতা বলেছেন, সাভারকার ব্রিটিশদের কাছ থেকে পেনশন নিয়েছিলেন। আসলে সাভারকরকে অপমান করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল সেটি। যে সাভারকার ভারতের স্বাধীনতার ইতিহাসে একজন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি ভারত মাতাকে দাসত্ব থেকে মুক্ত করতে ব্রিটিশদের অমানবিক অত্যাচার সহ্য করেছিলেন, তাঁর বিরুদ্ধেই অশালীন শব্দ ব্যবহার করে অপমান করা হয়েছে। সাভারকারকে নীচু দেখাতে, সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সেই বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে।’ পাণ্ডের অভিযোগ ২০২৩ সালের জুন মাসে খারিজ করে দিয়েছিল আদালত। ফের আদালতের কাছে মামলা পুনর্বিবেচনা করবার আবেদন করেছিলেন তিনি। এরপর মামলাটি এসিজেএম আদালতে স্থানান্তর করা হয়।
গত ডিসেম্বরে দেওয়া তাঁর আদেশে বিচারপতি অলোক ভার্মা বলেছিলেন, ‘সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুদ্রিত প্রচারপত্র এবং লিফলেট বিতরণ করা প্রমাণ করে যে রাহুল গান্ধি সমাজে ঘৃণা ও শত্রুতা ছড়িয়ে দেশের মৌলিক বৈশিষ্ট্যগুলিকে দুর্বল করতে চাইছেন, অপমানও করেছেন।’ অন্যদিকে সাভারকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মানহানি করেছেন রাহুল গান্ধি, এই অভিযোগে পুনের একটি আদলতে দামোদর সাভারকরের এক আত্মীয় সাত্যকি সাভারকার। সেই মামলায় নিজের মন্তব্যের সমর্থনে ঐতিহাসিক প্রমাণ পেশ করতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন রাহুল গান্ধি। কিন্তু এই আর্জির ঘোরতর বিরোধিতা করেছেন কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলাকারী। চলতি মাসেই পুনের আদালত মানহানির এই মামলায় রাহুলকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়েছে। পুনের আদালত ওই মানহানির মামলায় রাহুলকে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে রেহাই দিয়েছে।
❤ Support Us






