- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১, ২০২৬
গান্ধীজির মুখ-হাত কালো কাপড়ে ঢাকা, প্রতিবাদে সরব কাটোয়া
মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। হাতেও কাপড় জড়ানো। শহর কাটোয়ার স্টেশন বাজার চৌরাস্তায় বুধবার সকালে এহেন দৃশ্যে তাজ্জব বাসিন্দারা। গান্ধী মূর্তির এহেন অবমাননার প্রতিবাদে মুখর হন সকলে। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মূর্তির মুখ ও হাত থেকে কাপড় খুলে দেওয়া হয়।
শহরের প্রাণকেন্দ্র কাটোয়া স্টেশন বাজার এলাকায় অন্যান্য দিনের মত বুধবার সকালে নির্মাণ শ্রমিকরা কাজের আশায় এসে বসেছিলেন। গান্ধী মূর্তির মুখ কালো কাপড় দিয়ে বাঁধার দৃশ্য সকাল ৭টা নাগাদ নির্মাণ শ্রমিকদেরই প্রথমে নজরে আসে। তাঁরাই কাটোয়া থানায় খবর দেন। পুলিশ এসে মূর্তি থেকে কালো কাপড় সরিয়ে দেয়।
প্রতিবাদে সরব স্থানীয়রা বলছেন, মহাত্মা গান্ধী আমাদের দেশের জাতির জনক। তাঁর মূর্তির সঙ্গে এমন অবমাননাকর আচরণ অত্যন্ত নিন্দনীয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের দ্রুত গ্রেফতার করুক। কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ, ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায়দের বক্তব্য, কাটোয়ার মতো শহরে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। জাতীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। পুলিশ-প্রশাসন দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৫ আগস্ট কাটোয়া পুরসভার উদ্যোগে স্টেশন বাজার চৌরাস্তায় মহাত্মা গান্ধীর এই মূর্তি স্থাপন করা হয়। প্রতি বছর গান্ধী জয়ন্তী-সহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। দীর্ঘদিন ধরে এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত। পুলিশ মূর্তির আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করার চেষ্টা করছে।
❤ Support Us








