Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৩, ২০২৩

মৃত্যুদণ্ড রোধে মালয়েশিয়ার সংসদে শুরু তোড়জোড় । শাস্তি আইনে বদল আনতে চাই রাজ সম্মতি

আরম্ভ ওয়েব ডেস্ক
মৃত্যুদণ্ড রোধে মালয়েশিয়ার সংসদে শুরু তোড়জোড় । শাস্তি আইনে বদল আনতে চাই রাজ সম্মতি

মৃত্যুদণ্ড রোধে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মালয়েশিয়ার সংসদ। সোমবার সে দেশের সংসদে মৃত্যুদণ্ড প্রত্যাহার করার জন্যে বিল পাস হয়েছে। একইসঙ্গে মৃত্যুদণ্ডের সাজা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এমন কিছু অপরাধ, যাতে দোষী সাব্যস্ত হলে এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ড হত।

সংবাদসংস্থা সূত্রে খবর, যে সমস্ত অপরাধের ক্ষেত্রে এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ড কিংবা আমৃত্যু কারাবাস হতো, আইন সংস্কার করে তাতেও পরিবর্তন আনা হয়েছে। মালয়েশিয়ার সংসদে যে সংশোধনীগুলি পাস হয়েছে, তাতে বিকল্প শাস্তি হিসেবে অপরাধীকে বেত্রাঘাত, কিংবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হবে। যাবজ্জীবন সাজার ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে ।

মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী রামকরপাল সিংয়ের অভিমত, অপরাধ দমনে মৃত্যুদণ্ড কার্যকরী শাস্তি হিসেবে প্রমাণিত হয়নি। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে মৃত্যুদণ্ডের সাজা প্রত্যাহারের বিষয়টি মালয়েশিয়ায় উত্থাপিত হয়। সেসময়ে সরকারের তরফে জানানো হয়েছিল, যেসমস্ত অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই চরম শাস্তি কার্যকর করা হবে না। সেইসময়ে এও প্রতিশ্রুতি দেওয়া হয়, ভবিষ্যতে মৃত্যুদণ্ডের সাজাও প্রত্যাহার করা হবে। ওই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়িত হতে চলেছে।

মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে এসম্পর্কিত যে বিলটি পাস হয়েছে, তা সংসদের উচ্চকক্ষেও পেশ করা হবে। এরপর সে দেশের রাজার সম্মতিক্রমে তা আইনে পরিণত হবে। যে বিলটি সংসদে পাস হয়েছে, তাতে বলা হয়েছে ১১ অপরাধ যেমন, মাদক পাচার, বেআইনি অস্ত্র রাখার মতো অপরাধ প্রমাণিত হলে এতদিন বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হত।নতুন নিয়মে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা, সে বিষয়ে বিচারকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!