Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৩

কর্ণাটক নিয়ে মমতার প্রতিক্রিয়া, নো ভোট টু বিজেপি-র ফল। সুজনের পাল্টা, ওখানে কি জেডিএস -এর সঙ্গে তৃণমূল জোট করেছিল?

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্ণাটক নিয়ে মমতার প্রতিক্রিয়া, নো ভোট টু বিজেপি-র ফল। সুজনের পাল্টা, ওখানে কি জেডিএস -এর সঙ্গে তৃণমূল জোট করেছিল?

কর্নাটকে বিজেপিকে কংগ্রেস পরাজিত করার পরেও কংগ্রেসকে সারা দেশে বিজেপি বিরোধী জোটের নেতৃত্বে দেখতে যে তিনি চান না সেটাই শনিবার তাঁর কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের উত্তরে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কর্ণাটকের নির্বাচনের ফল প্রসঙ্গে বলতে শুরু করে এক এক করে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,  “কর্ণাটকে কংগ্রেসের জয়ের জন্য ওই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই।” তিনি এদিন তাঁর কালীঘাটের বাড়ি থেকে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে বলেন,”কর্ণাটকের মানুষ বিজেপির ঔদ্ধত্ব, অহংকার, দুর্বিসহ ব্যবহার, এজেন্সি পলিটিক্স, বিজেপির সর্বোৎকৃষ্ট আক্রমণের বিরুদ্ধে মানুষ নো ভোট টু বিজেপি করেছে। আমি তার জন্য কর্ণাটকের মানুষদের, আমার ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। জয়ী দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। কুমারস্বামীও ভালো করেছেন। ছত্তিশগড়,মধ্যপ্রদেশের আগামী নির্বাচনেও বিজেপি পরাজিত হবে। এটা ২০২৪-এর শেষের শুরু।”
বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে এদিন মমতা বিন্দ্যোপাধ্যায় আবার তাঁর পুরোনো নীতি উল্লেখ করে বলেন, “যে রাজ্যে যে দল প্রধান তারাই বিজেপি বিরোধী জোটের নেতৃত্বে থাকবে।” তবে কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার প্রশ্ন তিনি এড়িয়ে গিয়ে বলেন, “যা বলার বলেছি।”

মনিপুরের প্রসঙ্গ তুলে এদিন মমতা বিজেপিকে সমালোচনা করেন। উত্তরপ্রদেশ, দিল্লির আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিজেপির সমালোচনা করে মমতা বলেন, “একটাই দেশ, একটাই নীতি, একটাই, আদর্শ, এটাই বিজেপির নীতি। কিছু সামলাতে পারছে না। এটা মানুষের পার্টি নয়। বেঙ্গল থেকে শুরু হয়েছে এবার বেঙ্গালুরুতে হল।  মানুষ পরিবর্তন চাইছেন। দেশ বাঁচাতে বিজেপি হঠাও দেশ বাঁচাও, একটাই স্লোগান।”

এদিকে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় ও তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং কুণাল ঘোষের টুইটকে কটাক্ষ করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, “বিজেপি হেরেছে। বিজেপির হাল খারাপ সর্বত্র। বিজেপি জিতবে না। কর্ণাটক বুঝিয়ে দিয়ে গেল ২০২৪ এর লোকসভায় বিজেপি জিতবে না। এটা বুঝেই অমিত শাহ বাংলায় এসে এই কারণেই বলেছেন, ৩৫টি লোকসভা  আসন চাই। তাহলেই তিনি দিল্লি সামলে নিতে পারবেন। আর বাংলায় মমতা যা করার করবেন, তা দিয়ে ওনার দরকার নেই। কুণাল ঘোষ বলছেন নো ভোট টু বিজেপি কর্নাটকে কাজ করেছে, ওখানে কি জেডিএস -এর সঙ্গে তৃণমূল জোট করেছিল? এসব বাজে কথা। বাংলায় বিজেপিকে তৃণমূল এনেছে। আর যে যেখানে শক্তিশালী সে সেই রাজ্যে বিজেপি বিরোধী জোটে নেতৃত্ব দেবে এটার মানে কি? বিজেপিকে পরাজিত করতে হলে একটা স্থায়ী, জাতীয় দলের জোটের নেতৃত্ব দরকার।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!