- দে । শ
- নভেম্বর ১৪, ২০২২
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যে রীতিমতো সরগরম রাজ্য–রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ। বিক্ষোভে সামিল হয়েছে গেরুয়া শিবির। পিছিয়ে নেই আদিবাসী সমাজও। অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমেছে। তৃণমূলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, অখিল গিরির মন্তব্য তারা সমর্থন করছে না। সোমবার অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্তি তাঁর দলের মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা তাঁর দলের সংস্কৃতি নয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অখিল গিরিকে তাঁর মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। তিনি একজন খুব মিষ্টি মহিলা। আমি অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী। অখিল কিছু ভুল করেছে। আমি ওর মন্তব্যের নিন্দা করছি এবং আমি ক্ষমাপ্রার্থী।’ তিনি আরও বলেন, ‘আপনি কেমন দেখতে, সেটা সৌন্দর্য নয়। আপনি ভেতর থেকে কেমন, সেটাই আসল সৌন্দর্য।’
মমতা ব্যানার্জি এরপর তুলে নিয়ে আসেন বীরবাহা হাঁসদার প্রসঙ্গ। তিনি বলেন, ‘বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার জন্য, তাহলে সেটা কি হবে? কাউকে দাঁড় কাকের মতো দেখতে বলা কি রুচিকর? এসব মেনে নেওয়া যায় না।’
ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূলের মন্ত্রী অখিল গিরির অরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিজেপি বিধায়করা সোমবার বিকেলে রাজভবনের সামনে মিছিল করেন। বিজেপি বিধায়কদের গান গাইতে শোনা গেছে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
❤ Support Us





