- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৪, ২০২৬
আইনজীবীর বেশে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট-পরবর্তী হিংসা মামলায় নিজেই লড়বেন
নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে সওয়াল করার পর এ বার কলকাতা হাই কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে কালো গাউন পরে তিনি হাই কোর্টে হাজির হন এবং ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে সওয়াল করেন।
এজলাসে মমতা জানান, ১৯৮৫ সালে তাঁর নাম বার কাউন্সিলে নথিভুক্ত হয়েছিল এবং তিনি নিয়মিত সদস্যপদ নবীকরণ করেছেন। নিজের বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী, শিশু ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। তাঁর দাবি, বহু জায়গায় লুটপাট, অগ্নিসংযোগ এবং মহিলাদের ধর্ষণের হুমকির অভিযোগ আসছে, অথচ পুলিশ যথাযথ পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই সমস্ত অভিযোগ অতিরিক্ত হলফনামায় জমা দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে বিচারপতিদের উদ্দেশে তাঁর আবেদন, “রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ।”
অন্যদিকে, রাজ্যের পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে পাল্টা দাবি করেন, অভিযোগগুলির কোনও নির্দিষ্ট ভিত্তি নেই। তাঁর বক্তব্য, কোথায় কী ঘটনা ঘটেছে তার স্পষ্ট তথ্য আদালতে তুলে ধরা হয়নি। রাজ্য পুলিশ সতর্ক ও সক্রিয় রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে অবিলম্বে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।
উল্লেখ্য, ভোট-পরবর্তী অশান্তির অভিযোগকে কেন্দ্র করে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ও আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়।
এর আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা। এ বার একইভাবে হাই কোর্টেও তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গেল।
এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে, তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এছাড়া কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং এজেইউপি-ও কয়েকটি আসনে জয়ী হয়েছে।
হাই কোর্টের বাইরে মমতার একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেখানে দলটির দাবি, “সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার লড়াইয়ে তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন।”
❤ Support Us





