Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৭, ২০২৬

পাবলিক ডোমেনে আসেনি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কমিশন-বিজেপির বিরুদ্ধে সরব মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
পাবলিক ডোমেনে আসেনি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কমিশন-বিজেপির বিরুদ্ধে সরব মমতা

শুক্রবার রাতে এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। ইতিমধ্যেই প্রথম তালিকা নিয়ে নানামহলে ক্ষোভের সুর। এখনও অনিশ্চিত বহু ভোটারের ভাগ্য। দ্বিতীয় তালিকায় কত নাম বাদ যাবে সেটাও একটা চিন্তার বিষয় রাজনৈতিক দলগুলির কাছে। শুধু তাই নয়, ভোটের মুখে এই তালিকা প্রকাশ ও তার থেকে নাম বাদ নিয়ে ভোটারদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এই যখন পরিস্থিতি, তখন দ্বিতীয় তালিকা প্রকাশের আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”

তৃণমূল নেত্রী বলেন, “সুপ্রিম কোর্ট বলেছিল তালিকা বের করতে। আমরা এখনো প্রথম সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাইনি। পাবলিক ডোমেনেও আসেনি। গণতন্ত্রের হত্যা। এর থেকে বেশি কিছু আর হতে পারে না। দুর্ভাগ্যজনক। আমি শুনেছি দেখে দেখে নাম বাদ গিয়েছে। সুতির একটা ব্লকে, বসিরহাটের একটি বুথে বাদ দেওয়া হয়েছে। এসব কে করেছে ? কারা করেছে ? মানুষ একদিন না একদিন তো জবাব চাইবেই। বুকের পাটা থাকলে মানুষকে জানতে দিন কার নাম আছে, কার নাম নেই। জেলায় জেলায় ট্রাইবুনাল করুন। আমরা দরকারে আইনি সুবিধা দেব।”

এর পর নির্বাচন কমিশনকে ‘সুপার হিটলার’ কটাক্ষ করেন মমতা বলেন, “বিজেপির ভ্যানিশের ওয়াশিং মেশিন। এরা গণতন্ত্রকে ভ্যানিশ করে দিয়েছে। মানুষের অধিকার ভ্যানিশ করে দিয়েছে। ওদের দেখলে আমার ঘৃণা হয়। লজ্জা হয়। বাংলার প্রত্যেক মানুষ জবাব দেবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে ? আর সব কিছু মানুষ সহ্য করবে ? ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”  গ্যাস সংকট প্রসঙ্গে মমতা বলেন, “প্রথমে তো হাজার হাজার টাকা বাড়িয়েছে। শুল্ক কমানো মানে কী দাম কমবে ? গ্যাসের দাম আগে তো কমুক। লোকে গ্যাস পাক আমি চাই। যেন কারও অসুবিধা না হয়। গ্যাসের কী হল? আমি চাই না হলদিয়াতে গ্যাস প্রোডাকশন হয় তা যেন বাইরে না যায়।” তিনি আরও বলেন, “১০ লক্ষ লোক যে ভোটের ডিউটি করতে আসবে, তাঁদের জন্য যেন গ্যাস দিতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়। কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন।”

এদিকে শুক্রবারই সন্ধ্যায় মোদি বৈঠক ডেকেছেন। এদিনের বৈঠকে গ্যাস সংকট নিয়ে কী বলেন মোদি, সেদিকে নজর সর্বস্তরের মানুষের। কারণ এখন যদি এনার্জি লোকডাউন হয় তাহলে অফিস-কাছারি, স্কুল-কলেজ, বাজার, যানবাহন সব কিছুর ওপর বড় প্রভাব পড়বে। তাই রাজনৈতিক দলের নেতামন্ত্রী থেকে শুরু করে আমজনতা, সবার নজর মোদির ভাষ্যের দিকে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!