- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৫, ২০২৬
সুপ্রিম নির্দেশ মেনে মার্চেই মিটবে বকেয়া, ডিএ নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের জয় হতে চলেছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই বকেয়া ডিএ-র প্রথম কিস্তি মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যম ‘X’-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, চলতি মার্চ মাস থেকেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকতে শুরু করবে।
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় কমিটির সদস্যরা এই সুবিধা পাবেন।
রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ROPA ২০০৯ কাঠামো অনুযায়ী বকেয়া ডিএ প্রদান করা হবে।
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালত ডিএ-কে কর্মীদের ‘আইনি অধিকার’ হিসেবে স্বীকৃতি দেয়। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ২৫ শতাংশ ডিএ মে মাসের মধ্যে দু’দফায় মেটাতে হবে। যার প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দেওয়া বাধ্যতামূলক।
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে, প্রায় ৩ লক্ষ ১৭ হাজারের বেশি কর্মীর নথি খতিয়ে দেখতে সময় লাগছে। ২০১৬ সালের আগের নথিগুলি ডিজিটাল না হওয়ায় এবং হাতে লেখা সার্ভিস বুক পরীক্ষা করার জন্য প্রশাসনিক স্তরে সময়ের প্রয়োজন ছিল। এই প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি জানিয়েছিল রাজ্য।
রাজ্যের এই সময় চাওয়ার আর্জিকে কেন্দ্র করে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। যদিও ধর্মঘট সর্বাত্মক হয়নি, তবে তার রেশ কাটতে না কাটতেই রবিবারের এই ঘোষণা পরিস্থিতি আমূল বদলে দিল।
মুখ্যমন্ত্রীর বার্তা, “সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রাখল মা-মাটি-মানুষের সরকার। আমরা আমাদের কথা দিয়ে কথা রাখি।”
❤ Support Us






