- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৭, ২০২৬
দুর্যোগের প্রভাবে বদল মুখ্যমন্ত্রীর সফরসূচি। বিমানে নয়, সড়কপথে দুর্গাপুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবারের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শুক্রবার মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনতে হল। শুক্রবার বিমানে না গিয়ে সড়কপথে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ২টো নাগাদ তিনি রওনা হতে পারেন এবং সেদিন দুর্গাপুরেই রাত্রিবাস করবেন। শুক্রবার তাঁর কোনও জনসভা বা রাজনৈতিক কর্মসূচি নেই। বিশ্রামের পর শনিবার থেকে ফের প্রচারে নামবেন তিনি।
শনিবার মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা নির্ধারিত রয়েছে—পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে একটি এবং পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে দুটি। বৃহস্পতিবার প্রবল ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে নামতে গিয়ে সমস্যার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। নির্ধারিত সময় বিকেল ৪টায় অবতরণের কথা থাকলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা বিমানটি আকাশে চক্কর কাটতে থাকে, ফলে মাঝ আকাশেই আটকে পড়েন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৯ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি।
সেদিন অন্ডাল থেকে বিকেল ৩টে ৩৯ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল তাঁর ছোট প্রাইভেট জেট। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অবতরণের অনুমতি দেয়নি। এই সময় বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়—কতক্ষণ আকাশে থাকতে পারবে, তা নিয়েও উৎকণ্ঠা ছড়ায়। বিমানটি কখনও উচ্চতা কমিয়েছে, কখনও বেড়েছে এবং একাধিকবার দক্ষিণে বেহালার দিকে ঘুরে গিয়ে আবার দমদমের দিকে ফিরে এসেছে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শুক্রবার বিমানে অন্ডাল যাওয়ার পরিকল্পনা বাতিল করে সড়কপথে দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নবান্ন সূত্রে জানানো হয়েছে। আগেই নির্ধারিত ছিল, শুক্রবার কোনো প্রচার কর্মসূচি রাখবেন না মুখ্যমন্ত্রী। তাই ওই দিন বিশ্রাম নিয়ে শনিবার থেকে তিনি ফের পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপাবেন।
❤ Support Us







