Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৯, ২০২৬

‘৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, তবু আমরাই জিতব’ :  মিনাখাঁর সভা থেকে হুঙ্কার মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
‘৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, তবু আমরাই জিতব’ :  মিনাখাঁর সভা থেকে হুঙ্কার মমতার

মিনাখাঁর দলীয় প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে নির্বাচনী সভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন।’

মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনওভাবেই নির্বাচন কমিশনের এস আই আর প্রক্রিয়াকে মেনে নিতে পারছেন না সেটা স্পষ্ট বুঝিয়ে কমিশন ও বিজেপিকে একসূত্রে বেঁধে এদিনের সভা থেকে তিনি আক্রমণ শানান। তৃণমূল নেত্রী এদিন বলেন, ‘জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল কে দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাঁদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।’

মমতা বলেন, ‘যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব। সব কাঁচা বাড়ি পাকা করে দেব। দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ১০৫টি প্রকল্প আছে। যা বিশ্বের কোথাও নেই। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও। ওরা মহিলা, কৃষক, শ্রমিক বিরোধী,  সংখ্যালঘু ভাই-বোনদের বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। সব বন্ধ করে দিয়েছে।’ কৃষিজীবী ও মৎস্য উৎপাদনকারীদের আশ্বাস দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমরা একটা নতুন ধান উৎপান করছি। সেটি হল স্বর্ণধান। সেটি বিক্রিও হচ্ছে। চাষিদেরও লাভ হচ্ছে। ইলিশ মাছ যাতে বাংলা জন্মায় ২০১৩ সালে ডায়মন্ড হারবারে গবেষণাকেন্দ্র তৈরি করা হয়েছিল। এখন অনেক ইলিশ বাংলায় জন্মায়।’

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সুন্দরবনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর বন্যা হলে সুন্দরবন জেলায় আসি।’
এদিনের সভা থেকে মমতা স্পষ্ট বার্তা দেন, বাংলার মানুষ তাঁর সঙ্গেই আছে। বিজেপির কোনো ছলচাতুরীতে বাংলার মানুষ ভুলে গিয়ে ভোট দেবে না। পাশাপাশি তিনি তাঁর বক্তব্যে বুঝিয়ে দেয় মুখে নয়, কাজে ও বিপদে তৃণমূল দল ও তাঁর সরকারই রাজ্যের মানুষের পাশে দাঁড়ায় এবং দাঁড়াবে। এর কোনো ব্যতিক্রম হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!