- দে । শ
- এপ্রিল ১৪, ২০২৩
ইতিহাসের গৈরিকীকরণের বিরুদ্ধে সরব মমতা। অতীতকে পরিবর্তন অসম্ভব, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
ইতিহাসের গৈরিকীকরণের প্রচেষ্টা নিন্দনীয় বলে মনে করেন মমতা।তাঁর মতে, দেশের অতীত ও ঐতিহ্য অত্যন্ত মূল্যবান সম্পদ। তাকে বদলাবার ক্ষমতা কারোর নেই। নাম না করেই কেন্দ্রীয় সরকারের পাঠ্যসূচি পরিবর্তনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার আলিপুরে ২৪০০ আসন বিশিষ্ট নতুন ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চে দেশের ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে পরিবর্তন করবার তীব্র নিন্দা জানান। সাধারণ মানুষের সমর্থন প্রার্থনা করে তিনি বলেন, আমরা কোনো কিছু ভেঙ্গে দেওয়ার পক্ষপাতী নই –না ভিক্টোরিয়া, না তাজমহল। দেশের ইতিহাসকে জোর করে বদলাবার বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে তা বাংলার সম্পদ বলে দাবি করেন মমতা। এ প্রসঙ্গে তিনি রামকৃষ্ণ- বিবেকানন্দ, রামমোহন-বিদ্যাসাগর,রবীন্দ্রানাথ-নজরুলের মহান অবদানের কথা স্বীকার করেছেন। তাঁর মতে, মনীষীদের অবদান ছাড়া ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তি গড়ে উঠত না।
সভামঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। সম্প্রতি এডিআর প্রতিবেদনে তাঁকে ভারতের সবথেকে গরীব মুখ্যমন্ত্রীর তকমা দিয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন, আমার নিজের কিছু নেই। কিন্তু একটা জিনিস রয়েছে সাধারণ মানুষের তাঁর প্রতি বিশ্বাস। তাঁর দৃঢ় ধারণা, জনগণ তাঁর ওপর কখনই আস্থা হারাবেন না। দিল্লির বঞ্চনার বিরুদ্ধে তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা না দিতে পারে, কিন্তু তার জন্য রাজ্যের উন্নয়ন যজ্ঞ থেমে থাকবে না। নিজেদের ক্ষমতায় মানুষের জন্য কাজ করব । প্রয়োজন হলে বাংলার মায়েদের থেকে ভিক্ষা গ্রহণ করব। কিন্তু দিল্লির কাছে আর হাত পাতব না।
এ প্রসঙ্গে বলা প্রয়োজন, ইতিপূর্বে দিল্লিকে চিঠি পাঠিয়ে রাজ্যের বকেয়া টাকা চেয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী নিজে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা চেয়েছেন কাজের কাজ কিছু হয়নি। বিজেপি নেতাদের কথায়, প্রকল্পে বরাদ্দ টাকার হিসেব না দিলে একপয়সাও রাজ্যকে দেবে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্র -রাজ্যের টানাপোড়েনে জনমুখী প্রকল্প চালাতে অসুবিধায় পড়ছে নবান্ন। উপরন্তু কর্মচারীদের বকেয়া ডিএ দিতেও হিমশিম খাচ্ছে রাজ্যের শাসক দল। দলের একাধিক ছোটো-বড়ো নেতা নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কারাবন্দী। সামনে নির্বাচন। ঘাসফুল শিবিরের প্রতি মানুষের সমর্থন অটুট রাখতে নিজের ব্যক্তিগত ভাবমূর্তির ভিত্তিতে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বিলাসবহুল অডিটোরিয়াম উদ্বোধনে দেখা গেল তার প্রতিচ্ছবি।
❤ Support Us





