Advertisement
  • দে । শ
  • মার্চ ২০, ২০২৬

আরজি কর হাসপাতালে লিফট বিপর্যয়, আটক যুবকের মৃত্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
আরজি কর হাসপাতালে লিফট বিপর্যয়, আটক যুবকের মৃত্যু

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ফের এক মর্মান্তিক দুর্ঘটনা সামনে এল। হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০), বাড়ি দমদমে। জানা গিয়েছে, চার বছরের ছেলের হাতে ফ্র্যাকচার হওয়ায় তার অস্ত্রোপচারের জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে ভোরে হাসপাতালে আসেন তিনি। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের পাঁচ তলায় যাওয়ার জন্য তাঁরা লিফটে ওঠেন।

কিন্তু অভিযোগ, পাঁচ তলায় পৌঁছানোর বদলে লিফটটি তিন তলায় গিয়ে আচমকা নিচের দিকে নামতে শুরু করে এবং গ্রাউন্ড ফ্লোরে থামার বদলে বেসমেন্টে গিয়ে আটকে যায়। লিফটের দরজাও বন্ধ হয়ে যায়, ফলে অসুস্থ শিশুকে নিয়ে ভিতরেই আটকে পড়েন অরূপ ও তাঁর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় লিফটে কোনও অপারেটর উপস্থিত ছিলেন না। লিফটের ভিতর থেকে মহিলা ও শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে অভিযোগ, প্রায় এক ঘণ্টা কেটে গেলেও উদ্ধারকাজে কোনও তৎপরতা দেখা যায়নি।

পরে উদ্ধারকারীরা এসে লিফটের দরজা খুললে ভিতর থেকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান, আতঙ্ক ও পরিস্থিতির চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার পর টালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট লিফটের দায়িত্বে থাকা লিফটম্যানকে আটক করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতি—কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় সরকারি হাসপাতালের পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। অন্যান্য রোগীর পরিজনেরাও ক্ষোভে ফেটে পড়েন। এদিকে আহত নাবালক পুত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, আর এই ভয়াবহ ঘটনার পর গভীর মানসিক আঘাতে ভুগছেন মৃতের স্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!