- দে । শ
- এপ্রিল ২১, ২০২৩
দিল্লির আদালত চত্বরে চলল গুলি।আহত এক মহিলা ও আইনজীবী। কেজরিওয়ালের কড়া প্রতিক্রিয়া
শুক্রবার দিল্লির সাকেত আদালত চত্বরে দিনের ব্যস্ত সময়ে চলল গুলি। এই ঘটনায় এক মহিলা-সহ দু’জনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, মোট চার রাউন্ড গুলি চলেছে। যে মহিলা গুলিবিদ্ধ হয়েছেন তিনি এক আইনজীবীর সঙ্গে দরকারি কাজে আদালত চত্বরে এসেছিলেন।
এদিন গুলিচালনার এই ঘটনার পরে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত গুলিচালনার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের কোনও খবর নেই বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের অভিযোগ, দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। কেবল অন্যের কাজে বাধা দেওয়া হচ্ছে আর বিভিন্ন ইস্যুতে নোংরা রাজনীতি করা হচ্ছে। সকলের উচিত নিজের কাজ মন দিয়ে করা। দায়িত্বপালন করতে না পারলে পদত্যাগ করা উচিত বলে টুইট করেছেন কেজরিওয়াল।
গুলিচালনার ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এও বলেন, দিল্লির মানুষের নিরাপত্তা রামের হাতে সমর্পণ করে নিষ্ক্রিয় থাকাটা একেবারেই ঠিক নয়।
দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন, যে ব্যক্তি গুলি চালিয়েছে, তার খোঁজ করছে পুলিশ। এছাড়া গুলিচালনার ঘটনায় যে মহিলা এবং আইনজীবী জখম হয়েছেন পুলিশই তাঁদের হাসপাতালে নিয়ে গিয়েছে।
এদিন এই ঘটনার পর সাকেত আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার সাগর প্রীত হুডা বলেছেন, চার রাউন্ড গুলি চালানোর পরেই এলাকা থেকে পালিয়েছে অপরাধী।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহিলা এবং এক আইনজীবীকে লক্ষ্য করে যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে আইনজীবীর পোশাকে ছিল। গুলি চালনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একজন বরখাস্ত হওয়া আইনজীবী বলে জানা গিয়েছে। ওই মহিলার সঙ্গে কোনও কারণে তার গোলমাল চলছিল। তবে গোলমালের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।
এদিন দিনের বেলা ব্যস্ত সাকেট আদালত চত্বরে গুলিচালনার ঘটনার পরে জখমদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
❤ Support Us





