- দে । শ
- নভেম্বর ২৫, ২০২৫
স্টোর রুমে নষ্ট হচ্ছে ডিজিটাল এক্স-রে মেশিন। অভাব পরিকাঠামোর, মন্তব্য কাটোয়া হাসপাতাল সুপারের
কাটোয়া মহকুমা হাসপাতালের স্টোর রুমে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন। চালু করার নাম-গন্ধ নেই। পুরনো মান্ধাতা আমলের ম্যানুয়াল এক্স-রে মেশিনেই চলছে এক্স-রে করার কাজ। এই মেশিনটি আবার মাঝেমাঝেই বিকল হয়ে যায়। তখন বাইরে থেকে পয়সা দিয়ে এক্স-রে করানো ছাড়া আর কোনও গতি থাকে না। ২৫৬ শয্যার কাটোয়া মহকুমা হাসপাতালে রোগীর চাপ সাঙ্ঘাতিক। শুধু কাটোয়া মহকুমাই নয়। লাগোয়া নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলা থেকেও প্রচুর রোগী রোজই চিকিৎসা পরিষেবা নিতে এই হাসপাতালে আসেন।
এই বিষয়টিকে সামনে রেখে আধুনিক এক্স-রে পরিষেবা দিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটি ডিজিটাল এক্স-রে মেশিন দিয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালকে। এই মেশিনে ছবি পরিষ্কার হয়। কাজ দ্রুত হয়। কিন্তু সেটা চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানালেন, ‘এই মেশিনটি বসানোর জন্য ঘরের পরিকাঠামোর উন্নতি দরকার। সেটা পূর্ত দফতরকে বলেছি। তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সেটা করে দেয়।’
❤ Support Us





