- দে । শ
- এপ্রিল ২, ২০২৬
ফিরে পাওয়া গড়, খড়গপুরে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ
বৃহস্পতিবার খড়গপুরে চা-চক্রে যোগ দেওয়ার আগেই তুমুল অশান্তির মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর সদরের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে খড়গপুর শহরের পুরীগেট এলাকায়।
প্রচারে পৌঁছনোর পরই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন, কিন্তু অভিযোগ—রাস্তা অবরোধ করে দেওয়া হয়। শুধু দিলীপ ঘোষই নন, বিজেপি কর্মী-সমর্থকদের দিকেও ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির মধ্যে ‘জয় বাংলা’ ও পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে এলাকা সরগরম হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, রেলের নোটিশ জারি হওয়ায় যখন এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল, তখন বিজেপির কোনও নেতা-কর্মীকেই পাশে পাওয়া যায়নি। এমনকি দিলীপ ঘোষও নাকি সেই সময় এলাকায় আসেননি। ভোটের আগে হঠাৎ প্রচারে আসায় ক্ষোভ আরও বাড়ে পুরীগেট এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে।
উল্লেখযোগ্য, ২০১৬ সালে খড়গপুর সদর আসন থেকে বিজেপির টিকিটে জিতে পাঁচ বছর বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীতে ২০২১ সালে এই আসনে জয়ী হন হিরণ চট্টোপাধ্যায়। তবে পাঁচ বছর পর আবার নিজের পুরনো গড়ে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু গড় ফিরে পেলেও জনসমর্থন নিয়ে যে অস্বস্তি কাটেনি, সাম্প্রতিক এই বিক্ষোভ সেই ইঙ্গিতই দিচ্ছে, বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের এর প্রাক্কালে।
❤ Support Us





