- দে । শ
- মে ২৯, ২০২৬
চিকিৎসার গাফিলতিতে মৃত্যু, অগ্নিগর্ভ কালনা
চিকিৎসার গাফিলতিতে পরপর ২ দিনে ২ রোগীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন কালনা থানার কয়েকজন পুলিশকর্মী। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কালনার বালিন্দর গ্রামের বাসিন্দা শোভা ঘোষ (৭২) বুধবার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। বিকেলের পর থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে। শোভার আত্মীয়দের অভিযোগ কর্তব্যরত নার্সকে বলেও কোনো লাভ হয়নি। কোনো ডাক্তার দেখেননি। সন্ধ্যায় ডাক্তার রাউন্ড দিতে এসে দেখেন, শোভার শরীরে প্রাণ নেই। শোভার ছেলে উজ্জ্বল জানান, ‘আমরা কঠোর শাস্তি চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছি।’
অন্য ঘটনায় বাঘনাপাড়ার দিপালী দাসকে (৪০) কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার জ্বর-সহ অন্যান্য উপসর্গ ছিল। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাঁর মৃত্যু হয়। এরপরেই রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। নার্স ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের উপরও চড়াও হওয়ার অভিযোগ ওঠে। চিকিৎসার গাফিলতির অভিযোগ খতিয়ে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
❤ Support Us






