- দে । শ
- জানুয়ারি ২২, ২০২৬
ছুটি কাটাতে গিয়ে অপহৃত, মণিপুরে নিহত মেইতেই যুবক
মণিপুরে ফের রক্তাক্ত ঘটনা। কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায় এক মেইতেই যুবককে অপহরণ করে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। নিহতের নাম এম ঋষিকান্ত (৩৮)। তিনি কাকচিং জেলার বাসিন্দা এবং নেপালে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে স্ত্রী’র সঙ্গে দেখা করতে চূড়াচাঁদপুরে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী কুকি সম্প্রদায়ের।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ঋষিকান্তকে অপহরণ করা হয়। রাতেই তাঁকে গুলি করে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ অপহরণ ও হত্যার খবর আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যদিও ভিডিয়োটির সত্যতা নিয়ে ধন্দ রয়েছে। প্রায় ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যায়, অন্ধকার রাস্তায় বসে এক যুবক হাত জোড় করে সশস্ত্র দুই ব্যক্তির কাছে প্রাণভিক্ষা চাইছেন। এর পরেই গুলির শব্দ শোনা যায়।
সূত্রের খবর, ঋষিকান্তের স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে থাকার জন্য কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও) এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এ ঘটনায় ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলেছে মণিপুরে। গত তিন-চার বছরে এই হিংসায় বহু মানুষের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। ঋষিকান্তের মৃত্যু চলমান অশান্তিরই আরেকটি মর্মান্তিক অধ্যায় হয়ে রইল।
❤ Support Us






