- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২৭, ২০২৫
পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, হবে ভারী বৃষ্টি ? কী বার্তা আবহাওয়া দফতরের
পুজোর আনন্দে শহর এখন ক্যানভাসের রূপ নিয়েছে। তবে উৎসবের আনন্দ নিম্নচাপ মাটি করতে পারে এই আশঙ্কাও রয়েছে উৎসব প্রিয় মানুষের মনে। সত্যি কী নিম্নচাপ পুজো মাটি করে দেবে? এই আশঙ্কায় যখন বুক কাঁপছিল সবার। তখনি নতুন খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ গোপালপুরের কাছাকাছি অঞ্চল দিয়ে ওডিশায় ঢুকেছে শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ। এটির অভিমুখ ছত্তিসগড়। এর ফলে ষষ্ঠী থেকে অষ্টমী, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমেছে। কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছেই। তবে দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় অনেকটাই দুর্বল হবে এই নিম্নচাপ। তবে পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। শনিবার বেলা সওয়া ১১টার পরে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
পঞ্চমীর দিনে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।
❤ Support Us






