- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১, ২০২৫
মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে চড়তে পারে তাপমাত্রার পারদ, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
ঋতু অনুযায়ী বসন্তকাল, তবু চৈত্রের দাবাদহের আঁচ টের পাচ্ছেন বঙ্গবাসী। মার্চের শুরু থেকেই গরম তার রেকর্ড ভাঙতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। উত্তরবঙ্গের চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অকাল গ্রীষ্মের আগাম সতর্কবার্তা দিয়েছে আইএমডি।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে গায়েব শীতের আমেজ। দক্ষিণা বাতাসে ফুরফুরে মেজাজে ছিলেন বাংলার মানুষ। লা নিনা তার প্রভাব দেখাতে না পারায়, তড়িঘড়ি বিদায় নিয়েছে শীত। ফেব্রুয়ারির শেষের দিকে অল্পবিস্তর ঝড়বৃষ্টিতে সাময়িকভাবে ফিরে এসেছিল ঠাণ্ডার শিরশিরানি। কিন্তু তা স্থায়ী হবে না, ক্রমশ বাড়বে তাপমাত্রা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মোতাবেকই আবহাওয়ার পরিবর্তন ঘটছে দ্রুত। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, নেই বৃষ্টির সম্ভাবনা। দিনের বেলা তাপমাত্রা বেশি হবার পাশাপাশি রাতের দিকেও গরম অনেকটাই বেশি থাকবে বলে খবর। তবে বাতাসে আদ্রতা থাকায়, গরম এখনই সেভাবে অনুভূত হবে না। পশ্চিমী ঝঞ্জা ও ঘূর্নাবর্তের প্রবাভ রয়েছে প্রতিবেশি রাজ্যগুলিতে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সিকিমের তুষার পাতের প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে পড়বে।
ভারতে বিগত কয়েকবছর ধরে তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে। তবে এবছর তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গম ও ধান চাষে ক্ষতির সম্ভাবনা। মার্চে অতিরিক্ত গরম পড়লে নষ্ট হবে শাকসবজি ও ফল। গরম পোড়বার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দামও বাড়বে। ফলে মধ্যবিত্ত আমজনতা সমস্যায় পড়তে চলেছেন। শুক্রবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২, কিন্তু শনিবার থেকে একধাক্কায় তাপমাত্রা বাড়তে চলেছে। বাতাসে আর্দতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৪৫ শতাংশ, আর্দ্রতার বড়সড় রকমফের এখনই হচ্ছে না।
❤ Support Us






