- দে । শ
- আগস্ট ১৩, ২০২৫
আদালতের নির্দেশে বাংলাদেশ থেকে ফিরলেন বাংলার পরিযায়ী শ্রমিক আমির শেখ
বাংলায় কথা বলার অপরাধে রাজস্থানে জেলে ২ মাস কাটে মালদার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমির শেখের। এখানেই শেষ নয় তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশী নাগরিক সন্দেহে মালদার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে পুশব্যাক করেছিল বিএসএফ। তাঁকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ থেকে। পুলিশ এবং ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে, মালদার ২২ বছর বয়সী পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশি নাগরিক সন্দেহে রাজস্থানের একটি জেলে ২ মাস আটক রাখা হয়েছিল। এবং তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। বাংলা ভাষায় কথা বলায় তাকে চরম হেনস্তা হতে হয়েছে। ঘোর অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। এই ঘটনায় আমিরের পরিবার বসে থাকে নি। তাঁরা বিভিন্ন দপ্তরে তথ্য প্রমান দিয়ে আবেদন করেন আমির ভারতীয় নাগরিক। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আজ, বুধবার সকালে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–র ১০২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে আমির শেখকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বসিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে করা হয়েছে। বসিরহাটের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি বলেন, কী ঘটেছে আমি খোঁজ নিয়ে দেখব। তবে এরকম ঘটনা হলে আমি স্তম্ভিত।’ তিনি বলেন, বাংলাভাষীদের যেভাবে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাতে এই ঘটনা প্রমান করল বিজেপি তথা কেন্দ্র সরকার গভীর চক্রান্ত করছে। এনিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জি তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন। বাংলার মানুষ এই অন্যায় মেনে নেবে না।’ জেলা পুলিশ সূত্রে জানা গেছে , ‘বিএসএফ কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর তাকে ছেড়ে দেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমির শেখকে এই বছরের শুরুতে রাজস্থানে আটক করা হয়েছিল । এবং গত ২৮ জুন তাকে বাংলাদেশে পুশব্যাক করানো হয়েছিল। আইনি হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশের পর, বাংলাদেশি কর্তৃপক্ষ তাকে ভারতীয় হেপাজতে ফিরিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, আমির শেখের পরিবারের সদস্যরা বুধবার সকালে তাকে ফিরে পেতে মালদা থেকে বসিরহাট থানার উদ্দেশে রওনা দিয়েছেন।
❤ Support Us






