Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৬, ২০২৪

অশান্ত জম্মু কাশ্মীর, নিরাপত্তা বাহিনীর হাতে মৃত এক জঙ্গি, এখনও লুকিয়ে ২

আরম্ভ ওয়েব ডেস্ক
অশান্ত জম্মু কাশ্মীর, নিরাপত্তা বাহিনীর হাতে মৃত এক জঙ্গি, এখনও লুকিয়ে ২

অশান্ত জম্মু কাশ্মীর। রাজ্যের ডোডা জেলার গান্ডহ নামক এলাকায়, নিরাপত্তা রক্ষী ও জঙ্গিদের সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও দুই জঙ্গি জঙ্গলে আত্মগোপন করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
সন্ত্রাসীরা উপত্যকায় সেনাবাহিনী ও পুলিশের ওপর সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
জম্মু কাশ্মীরের (এডিজি পুলিশ) জানিয়েছেন, একজন জঙ্গিকে ইতিমধ্যে নিকেশ করা হয়েছে। যদিও এঙ্কাউন্টার এখনও জারি রয়েছে। এলাকায় জঙ্গিদের খোঁজে সেনার হেলিকপ্টার টহল দিচ্ছে। এলাকা থেকে একটি চিনা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।
তিনি জানিয়েছেন, আজ সকালে জঙ্গলে তল্লাশি চালানোর সময় নিরাপত্তারক্ষীরা ওই তিন জঙ্গির আত্মগোপন করে থাকার প্রমাণ পান। বিগত কয়েক সপ্তাহ ধরে সেনাবাহিনী ডোডা, রাজৌরি, পুঞ্চ অঞ্চলে সন্ত্রাসী হামলার পর, তাদের নির্মূল করার কাজে জোর দেন । গত ১১ জুন, জঙ্গিরা একটি সেনা ক্যাম্পে হানা দেয়, যার ফলে পাঁচ সেনা ও একজন স্পেশাল পুলিশ অফিসার নিহত হন। পড়ে আরও একটি ক্যাম্পে জঙ্গিরা হামলা চালালে একজন পুলিশ কর্মী আহত হন।
ওই হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি তা ঢেলে সাজানো হয়। নিরাপত্তা বাহিনী জঙ্গি ও তাদের স্থানীয় মদতদাতাদের খুঁজে বের করার জন্য পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদীদের খাবার ও আশ্রয় দেওয়ার অভিযোগে তিন জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যে ক্রমবর্ধমান জঙ্গি হামলার খবরে স্বাভাবিকভাবে প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন। কাশ্মীর শান্ত হয়েছে বলে উচ্চস্তরের প্রশাসন সূত্রে যে দাবি করা হয়, সে দাবি যে কতখানি যুক্তিযুক্ত , তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!