- দে । শ
- ডিসেম্বর ১৮, ২০২৫
উন্নয়নের পাঁচালি, তৃণমূল সরকারের উন্নয়ণ প্রচারে ট্যাবলো
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর পাঁচালি গানের সুরে স্বরে যাত্রা শুরু হল ‘বাংলার উন্নয়নের পাঁচালি’ ট্যবলো। পূর্বস্থলীর হেমায়েতপুর তৃণমূল ভবন থেকে ট্যবলোগুলির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বললেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি ১৫ বছরে রাজ্যের প্রভূত উন্নয়ন করেছেন। সেইসব উন্নয়নের সাতকাহন আমজনতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বুথে বুথে ট্যাবলোগুলি ঘুরবে।’ এর আগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে কালনার পুরনো বাসস্ট্যান্ড এলাকা থেকে দশটি ‘ভ্রাম্যমাণ রথের’ যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু।
মন্ত্রী স্বপন দেবনাথ এদিন জানান, ‘তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ১৫ বছর ধরে মমতা ব্যানার্জি বাংলার জনগণের জন্য যা যা উন্নয়ন করেছেন, তার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করা হয়েছে ট্যাবলোগুলিতে।’ সূচনার সময় রাজ্য সরকারের ‘গৌরবোজ্জ্বল ১৫ বছরের উন্নয়নের’ ফিরিস্তি দেওয়ার পাশাপাশি ২০১৪ সালে বিজেপি সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর বাংলা ও বাঙালিকে কীভাবে বঞ্চনা করেছে, তা নানা তথ্য ও পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মন্ত্রী। দেখা গেল, উন্নয়নের পাঁচালি প্রচারে ব্যবহৃত টোটোগুলিকে রাজ্যের জনমুখী প্রকল্প ও উন্নয়নের কর্মসূচির পরিসংখ্যান সংবলিত ফ্লেক্সে মুড়ে দেওয়া হয়েছে। রয়েছে মমতা ব্যানার্জির ছবি। টোটো চালকদের মন্ত্রী পরামর্শ দেন, জনবহুল জায়গাগুলিতে দাঁড়িয়ে পাঁচালির প্রচার করার। টানা ১ মাস এই প্রচার পর্ব চলবে। পাঁচালিতে জনতা-জনার্দনকে গুরুত্ব দিয়ে ঘোষণা, এ উন্নয়ন আজ মানুষের সম্মান / বহুগুণে উন্নত জীবনের মান।
❤ Support Us





