Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৪, ২০২৪

কেতুগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে মন্ত্রী স্বপন

আরম্ভ ওয়েব ডেস্ক
কেতুগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে মন্ত্রী স্বপন

মুখ্যমন্ত্রীর নির্দেশ। তাই কেতুগ্রামের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখে গেলেন। প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কেতুগ্রাম ১নং ব্লকের প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, কেতুগ্রাম ১নং ব্লকের বিডিও অনিরুদ্ধ ব্যানার্জি ও কেতুগ্রাম ২নং ব্লকের বিডিও শাশ্বতী দাস-সহ ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা। দুটি ব্লকের তরফেই মন্ত্রীকে বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তুলে দেওয়া হয়। তাতে দেখা যাচ্ছে, কেতুগ্রাম ১নং ব্লকের ৪ হাজার হেক্টর জমির ফসল কমবেশি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মৌজার সংখ্যা ২১ ও ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি। এই ব্লকের আনখোনা অঞ্চলের সুবিপুর থেকে (ভায়া চাকটা) মাঝিনা পর্যন্ত ৪ কিমি রাস্তা, আনখোনা থেকে চেঁচুরি প্রায় ২ কিমি রাস্তা, পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে ৩ কিমি রাস্তা বন্যায় বেহাল। ন’পাড়া থেকে চাকটা ও নারেঙ্গা এলাকায় অজয়ের বাঁধ ক্ষতিগ্রস্ত।
কেতুগ্রাম ২নং ব্লকের ৫৬টি মৌজার সাড়ে ৪ হাজার হেক্টর কৃষিজমির ফসল বরবাদ। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ১০ হাজার। এই ব্লকে ভাগীরথীর পাড় বরাবর এলাকার শাঁখাই কায়স্থপাড়া, নৈহাটি প্রাইমারি স্কুল, দত্তবাটি প্রাইমারি স্কুল-সহ বহু জায়গায় রোজই মাটি ধসে পড়ছে। উদ্ধারণপুর থেকে শাঁখাই ৪ কিমি, শিবলুন হল্ট থেকে (ভায়া গঙ্গাটিকুরি ব্লক অফিস) অম্বলগ্রাম পর্যন্ত ৫ কিমি, উদ্ধারণপুর থেকে মৌগ্রাম ৭ কিমি, বেলুটিয়া থেকে (ভায়া বহরান) কেঁওগুড়ি ৯ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছে। রসুই ও তেওড়ায় অজয়ের বাঁধে ফাটল দেখা দিয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে কেতুগ্রামে এসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করলাম। কোথায় কোথায় ক্ষতি হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করলাম। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ত্রাণ পাওয়ার ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করলাম।’ সেইসঙ্গে ভেঙে পড়া রাস্তাগুলি সংস্কারের ব্যাপারে পূর্ত দপ্তর ও জেলা পরিষদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন স্বপনবাবু। এর আগে কেতুগ্রামের দুটি ব্লকের ভাঙন পরিস্থিতি নিয়ে রাজ্যের সেচ দপ্তরে একটি রিপোর্ট পাঠানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!