Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৪, ২০২৪

চাঁদা তুলে সেতু মেরামতি করলেন গ্রামের বাসিন্দারাই। পাকা সেতু তৈরির প্রতিশ্রুতি মন্ত্রী স্বপন দেবনাথের

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদা তুলে সেতু মেরামতি করলেন গ্রামের বাসিন্দারাই। পাকা সেতু তৈরির প্রতিশ্রুতি মন্ত্রী স্বপন দেবনাথের

বর্ষার আগমনীতে বুক কাঁপে কালনা ১নং ব্লকের মধ্য দিয়ে বয়ে যাওয়া গুড়জোয়ানি নদীর পাড়ের গোটা দশেক গ্রামের বাসিন্দাদের। কারণ ওই গ্রামগুলির সঙ্গে বাইরের যোগাযোগের একমাত্র মাধ্যম নান্দাই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙা গ্রামের এই নদীর উপর বাঁশের সেতুটি। কিন্তু সেতুটির একেবারে নড়বড়ে হয়ে বেহাল দশা। বর্ষার জলে ফুলেফেঁপে ওঠা স্রোতের ধাক্কায় যেকোনও মুহূর্তে ভেঙে যেতে পারে। তখন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই আগেভাগেই সেতু মেরামতিতে হাত লাগালেন এলাকার বাসিন্দারা। মেরামতির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে নিজেরাই বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলেছেন।

বাঁশের লজঝড়ে সেতুটি যাতে পাকা হয়, তার দাবি দীর্ঘদিনের। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই মাঝেমাঝে ভগ্নপ্রায় সেতুটি সারিয়ে মানুষজনকে আসাযাওয়া করতে হয়। হাসপাতাল, স্কুল-কলেজ, কাছারি, বাজার, রেলস্টেশনে যাতায়াতের ভরসা এই বাঁশের সেতুটি। সেতুটির উপর নির্ভরশীল ঘুঘুডাঙা, দিয়েসারগড়িয়া, আটঘড়িয়া, মোসলেমাবাদ, কৈলাশপুর-সহ গোটা দশেক গ্রাম। এলাকাবাসীদের দাবি, সেতুটি বয়স্ক মানুষ বা রোগীদের পক্ষে একেবারেই নিরাপদ নয়। এমনকী বাইক চালিয়ে যাওয়ার সময় কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। সুকুর আলি শেখ, রফিকুল শেখ নামে স্থানীয় বাসিন্দারা জানান, ‘বাঁশের সেতুটি ৩০ বছরের পুরনো। এই সেতুর উপর ১০/১৫টি গ্রামের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। সেতুটি পাকা করার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করা হয়েছে।’ পাকা সেতুর প্রয়োজনীয়তার কথা মানছেন সংশ্লিষ্ট নান্দাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহনওয়াজ মোল্লা। তিনি জানান, ‘বাঁশের সেতুটি গত ৬ মাসে ২ বার সারানো হয়েছে। পঞ্চায়েতের নিজস্ব তহবিলের যা অবস্থা, তাতে সেতুটি পাকা করার মত অর্থসংস্থান নেই। তা সত্ত্বেও সেতুটি যাতে পাকা হয়, তারজন্য চেষ্টা হচ্ছে।’

সেতুটির বেহাল দশার কথা জেনে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাকা সেতু তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে সরকারি আধিকারিকরা সেতুটি পরিদর্শন করে গিয়েছেন। স্বপনবাবু বললেন, ‘আশা করছি এলাকার মানুষের পাকা সেতু তৈরির দাবি পূরণ হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!