- দে । শ
- ডিসেম্বর ১৮, ২০২৫
ধানের গোলায় আগুন দিল দুস্কৃতীরা, পুড়ে ছাই এক বিঘা জমির ফসল
কথায় বলে না ‘পাকা ধানে মই’ দেওয়া। আর্থাৎ কারো ক্ষতি করে দেওয়া। তেমনি জমিতে ধান বা ফসল কেটে তছনছ করে আগুন দিয়ে কিংবা পুকুরের জলে বিষ দিয়ে মজা দেখা গ্রাম বাংলায় আকছার ঘটে। এসব করে একদল লোক মজা পায়। অন্যের ক্ষতি করে তারা এই ভাবে মানুষকে সর্বস্বান্ত করে দেওয়ার ঘটনা দিনদিন সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রাতের অন্ধকারে পাকা ধানের গাদায় আগুন লাগিয়ে দিল দুস্কৃতীরা। উত্তেজনা হিঙ্গলগঞ্জের পশ্চিম খেজুর বেড়িয়া গ্রামে। এক বিঘার বেশি জমিতে ধান চাষ করেছিলেন কৌশিক মন্ডল। বাড়ি নিয়ে যাবেন বলে পাকা ধান কেটে রাস্তার পাশে জমিতে গাদা করে রেখেছিলেন। বুধবার রাতে সেই ধানের গাদায় দুস্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এলাকার মানুষ আগুন দেখে নেভাতে আসেন।
স্থানীয় সব্যসাচী ক্লাবের সদস্যরা বালতি করে জল দিয়ে আগুন নেভান। কিন্তু ধান রক্ষা হয়নি। সবটাই পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে জমিতে আসেন কৌশিক মন্ডল। কিন্ত ততক্ষণে ধানের গাদা ছাই হয়ে গেছে। তা দেখে ভেঙে পড়েন কৌশিক। তিনি বলেন, আমার এক ফসলি জমির সব ধান শেষ। এছাড়া আমার আর কোন উপার্জন নেই। এখন সারাবছর খাব কী। এটা দুস্কৃতীদের কাজ। প্রশাসন তদন্ত করে দোষীদের সাজা দিক। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করছে।
❤ Support Us





