- দে । শ
- মে ৩, ২০২৩
ডমরু স্মৃতি উসকে মকর উদরে মৎস শিকারী ! পরিণতি বিয়োগান্তক
বন্ধুদের সঙ্গে মাছ ধরতে বেরিয়ে সম্প্রতি নিখোঁজ হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক নাগরিক। নিখোঁজ ব্যক্তির নাম কেভিন ডারমোডি। অবশেষে কেভিন নামে ৬৫ বছরের ওই ব্যক্তির দেহাবশেষের সন্ধান মিলেছে কুমীরের পেটে, টানা দু’দিন পুলিশি তল্লাশির পরে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নর্দার্ন কুইন্সল্যান্ডে কুমীরদের বাসস্থানে।
পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে মাছ ধরতে বেরিয়ে একা হয়ে পড়েছিলেন কেভিন। সেইসময়ে বেশ বড়সড় আকৃতির দুটি কুমীরের আক্রমণের শিকার হন তিনি।না, ডমরুধরের গল্পের পুনারাবৃত্তি এক্ষেত্রে ঘটেনি।দুই মকরের পেটেই তিনি গেছেন, তবে দেহাবশেষ আর রাখেনি তারা।শনিবারই তারা কেভিনকে উদরাসৎ করে। এরপর তল্লাশি অভিযানে নেমে গত সোমবার, ঘটনাটির আন্দাজ পায় পুলিশ। এরপরই মানুষখেকো দুই কুমীরকে হত্যা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে দুটি কুমীরের আক্রমণে প্রাণ খুইয়েছেন কেভিন, সেই দুটি কুমীরের মধ্যে একটির দৈর্ঘ্য ৪ দশমিক ১ মিটার, আরেকটি কুমীরের দৈর্ঘ্য ২ দশমিক ৮ মিটার। বন বিভাগের স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, ওই দুটি কুমীরই কেভিনের মৃত্যুর জন্যে দায়ী।
কেভিনের সঙ্গে যে বন্ধুরা মাছ শিকারে বেরিয়েছিলেন তাঁরা জানিয়েছেন, ঘটনার সময়ে তাঁরা খানিক দূরে ছিলেন। কেভিনের আর্তনাদ শুনতে পেয়েছিলেন তাঁরা। পরে তড়িঘড়ি তাঁরা যেদিক থেকে কেভিনের চিৎকার শুনতে পেয়েছিলেন সেখানে পৌঁছে কেভিনের কোনও হদিশ পাননি। এরপরই তদন্তে নামে পুলিশ।
অস্ট্রেলিয়াতে কুমীরের দেখা মেলে হামেশাই। তবে কুমীররা সাধারণত মানুষকে আক্রমণ করে না। কুমীরের আক্রমণে এর আগেও কোনও ব্যক্তির মৃত্যু হয়নি, ব্যাপারটা এমনও নয়। কুমীরের আক্রমণে নিহতদের সংখ্যা সম্পর্কে ১৯৮৫ সাল থেকে রেকর্ড রাখা শুরু হয়। সেই অনুযায়ী, এপর্যন্ত মোট ১৩জন ব্যক্তির কুমীরের আক্রমণে মৃত্যু হয়েছে।
কুইন্সল্যান্ডের অন্তর্গত দ্বীপে কুমীরের আক্রমণে ২০২১ সালে সর্বশেষ এক মৎস্যশিকারির মৃত্যু হয়েছে। তার আগে ২০১৬ ও ২০১৭ সালেও এধরনের আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ২০১৮ সালের পর এই এলাকায় কুমীরের আক্রমণে নতুন করে আরেকজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ১৯৭৪ সাল থেকে কুমীর শিকার করাটা নিষিদ্ধ। সত্তর দশকের গোড়ার দিকে কুইন্সল্যান্ডে কুমীরের সংখ্যা ছিল পাঁচ হাজার। বর্তমানে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে ৩০ হাজারে এসে ঠেকেছে বলে জানা গিয়েছে।
❤ Support Us







