- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২১, ২০২৬
বিধায়কের পদত্যাগের দাবিতে পোস্টার, বসিরহাটে রাজনৈতিক জল্পনা
ভোটর ফল প্রকাশের ২ মাস যেতে না যেতেই বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়কের পদত্যাগ দাবি করে পোস্টার ঘিরে চাঞ্চল্য। এদিন বসিরহাট ১ ব্লকের গাছা, ইটিন্ডা সহ একাধিক জায়গায় বিধায়ক সুরজিৎ মিত্র বাদলের ছবি দিয়ে পোস্টার চোখে পড়ে। তাতে লেখা ‘ভোটের পর থেকে নিখোঁজ বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র বাদল। তিনি কোথায় কী করছেন জনগন জানতে চায়।’ আবার কোন পোস্টারে লেখা ‘দফা এক, দাবি এক বাদল মিত্রের পদত্যাগ।’
প্রকাশ্যে এই ধরনের পোস্টারের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে বিধায়ক নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই আর এলাকায় তাঁকে দেখা যায় নি। এমনকী দলের এই দূর্দিনে কর্মীদের পাশেও তিনি দাঁড়াননি। এই পোস্টারের নেপথ্যে কারা আছে তা জানা যায়নি। কোনও ব্যক্তি বা সংগঠনের নাম পোস্টারে উল্লেখ নেই। ফলে কাদের কাজ, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এ বিষয়ে বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা এবং নির্বাচনে সুরজিৎ মিত্রের প্রতিদ্বন্দ্বি ডাঃ শৌর্য্য ব্যানার্জি বলেন,‘ নির্বাচনে জিতে বিধায়ক উধাও। সাধারণ মানুষ ভোটের ফল ঘোষনার পরে তার টিকিও দেখেন নি। ফলে স্বাভাবিক ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ওই পোস্টার।’ অন্যদিকে সুরজিৎ মিত্র বলেন, ‘বিধায়ক হিসেবে আমি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। বসিরহাটের পরিবহন সমস্যা নিয়ে আজ বিধানসভায় আমি বক্তব্য পেশ করেছি।’ তিনি বলেন, ‘ওই পোস্টারে পেছনে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিজেপি যিনি প্রার্থী ছিলেন তাঁর হাত আছে। আসলে তিনি এখন ঘোলা জলে মাছ ধরতে চাইছেন।’ বিজেপি নেতা শৌর্য্য ব্যানার্জি বলেন, আসলে মানুষ বিধায়কের ওপর ক্ষিপ্ত। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করতে পারবেন না বলে মুখ লুকিয়েছেন। এমনকী মমতা ব্যানার্জি ,অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করে নির্বাচনে জিতে এখন তিনি ঋতব্রত শিবিরে নাম লেখানোয় ওঁদের দলের লোকেরাই বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন।
❤ Support Us






