Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৬

‘৪ মে-র পর সব ফাইল খুলবে’ : পানিহাটিতে অভয়ার মা-কে পাশে নিয়ে ঘোষণা প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
‘৪ মে-র পর সব ফাইল খুলবে’ : পানিহাটিতে অভয়ার মা-কে পাশে নিয়ে ঘোষণা প্রধানমন্ত্রীর

পানিহাটির অমরাবতী মাঠে নির্বাচনী সভায় বিজেপি প্রার্থী রত্না দেবনাথের পাশে দাঁড়িয়ে তাঁর মাথায় হাত রেখে ভোটের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্নাকেই এবার পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। সভার শুরুতেই তাঁর হাত ধরে ভোট চেয়ে মোদি এই ঘটনাকে সামনে এনে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।

মোদি বলেন, ‘এই মা তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা সেই মাকেই প্রার্থী করেছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজ্যে মহিলাদের উপর অত্যাচার বেড়েছে এবং তৃণমূল সরকার নারী-বিরোধী। সভা থেকে প্রতিশ্রুতি দিয়ে মোদি বলেন, ‘৪ মে-র পর বিজেপি সরকার গঠিত হলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নারী নির্যাতনের সমস্ত মামলা আবার খোলা হবে। এটা মোদির গ্যারান্টি।’ তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচনে বাংলার নারীশক্তিই পরিবর্তনের নতুন ইতিহাস লিখবে।

জনসভা থেকে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করেন নরেন্দ্র মোদি। বলেন, বিজেপি ক্ষমতায় এলে নারীদের মর্যাদা, নিরাপত্তা ও আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা হবে। আশ্বাস দেন, প্রতিটি মহিলা বিনামূল্যে রেশন পাবেন এবং কোনো সিন্ডিকেট তাঁদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না। পাশাপাশি, ঘরবাড়ির স্বপ্ন বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা-র আওতায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তায় বাড়ি নির্মাণ করা হবে এবং সে বাড়ি মহিলাদের নামেই নথিভুক্ত থাকবে। এছাড়া আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে মহিলারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে, প্রথম দফার ভোটের প্রসঙ্গ টেনে মোদি জানান, ১৫২টি আসনে ভোট হয়ে গিয়েছে এবং ৯২.৭১ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার পর রেকর্ড তৈরি হয়েছে। এই বিপুল ভোটার উপস্থিতিতে তৃণমূল নেতারা বিচলিত হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমনই।’  আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেছেন, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন নিশ্চিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!